তেঁতুলিয়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করল বসুন্ধরা শুভসংঘ
পঞ্চগড়ের বুড়িমুটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০ ক্ষুদে শিল্পীর রং-তুলিতে জীবন্ত হয়ে উঠল বর্ষার প্রকৃতি
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
শিশুদের সৃজনশীলতা বিকাশ ও শিল্পকলায় উৎসাহ দিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বুড়িমুটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। বর্ষার রূপকে বিষয় করে আয়োজিত এই প্রতিযোগিতায় ক্ষুদে শিল্পীরা রং পেন্সিলে ফুটিয়ে তোলে বৃষ্টিভেজা গ্রাম, কাশবন, নদী-নালা ও গ্রামীণ জীবনের নানান দৃশ্য।
প্রতিযোগিতাটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপে এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে দুই গ্রুপের মোট ছয়জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বুড়িমুটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ঝর্ণা আক্তারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিদ্যালয়ের শিক্ষক মোসাম্মৎ সেলিনা পারভিন বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে বসুন্ধরা শুভসংঘ সারা দেশের মতো তেঁতুলিয়াতেও নিয়মিত ভালো কাজ করে যাচ্ছে। এমন আয়োজন শিশুদের প্রতিভা প্রকাশের সুযোগ তৈরি করে।’
তেঁতুলিয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন বলেন, ‘শিশুদের সৃজনশীল বিকাশে আমরা নিয়মিত বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় বর্ষা উপলক্ষে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে উপজেলার আরও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন করা হবে।’
আয়োজকরা জানান, শুধু প্রতিযোগিতা নয়— শিশুদের ভাবনা, কল্পনা ও সৃজনশীলতাকে বিকশিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষক ও শিক্ষার্থীরা এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানান।