EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবারের পাশে এবিজি

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:২৯ পিএম

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবারের পাশে এবিজি

ছবি: সংগৃহীত

অ অ

মানিকগঞ্জের শিবালয়ে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)।

শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার পাটুরিয়া এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এবিজির সৌজন্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

তিনি বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত কোনো মানুষকে অনাহারে থাকতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেউ যেন অভুক্ত না থাকে, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

জিন্নাহ কবির বলেন, দেশের যেকোনো দুর্যোগে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) মানুষের পাশে দাঁড়ায়। এবারের নদীভাঙনেও প্রতিষ্ঠানটি ১২০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী সহায়তা দিয়েছে।

তিনি আরও বলেন, নদীভাঙন রোধে প্রয়োজনীয় কাজ চলছে। দ্রুতই স্থায়ী সমাধানের উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দিপু, জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদুর রহমান মুকুল, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরও পড়ুন