লালমনিরহাটে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্কুল ও ঈদগাহ মাঠে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে লালমনিরহাটে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘ। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সারাদেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২০ জুন) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢটগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সকালের নির্মল আলোয় বিদ্যালয় প্রাঙ্গণ ও ঈদগাহ মাঠে যখন একে একে গাছের চারা রোপণ করা হচ্ছিল, তখন উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয়দের চোখে ছিল সবুজ ভবিষ্যতের স্বপ্ন। কর্মসূচির আওতায় বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় বনজ, ফলদ, ঔষধি ও ফুলের গাছের চারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা এবং শেখ শফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ মো. এন্তাজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান, সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলাম, পশু চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম, হাসান আলী, নুরজামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার প্রচার সম্পাদক মাহাবুব রহমান, ক্রীড়া সম্পাদক চাঁন মিয়া, সদস্য আমির হামজা, মো. নাহিদ আলম রাব্বি, সুমাইয়া আক্তার, রাকিব হাসান, তাসিন শাহরিয়ার রিয়াদ, রেবেকা খাতুন, দীপা রানী এবং সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সজিবসহ অন্যান্য সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. এন্তাজুর রহমান বলেন, ‘গাছ শুধু প্রকৃতির শোভা নয়, মানুষের জীবন ও পরিবেশ রক্ষার অন্যতম আশ্রয়। নির্বিচারে গাছ নিধন ও বন উজাড়ের কারণে জলবায়ু আজ ভয়াবহ হুমকির মুখে। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ব্যক্তি, পরিবার ও সমাজ সব স্তরে বনায়নের প্রতি গুরুত্ব দিতে হবে।’
বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সবসময় জনকল্যাণমূলক কার্যক্রমে বিশ্বাস করে। পরিবেশ ও সমাজ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিচর্যা করলে সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন আরও দৃঢ় হবে।’
