পাবনা
সুজানগরে শুভসংঘের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন
আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি: সংগৃহীত
পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে পাবনার সুজানগরে বৃক্ষরোপণ অভিযান ও সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।
শনিবার (১৬ মে) উপজেলার ভবানীপুর বাগানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজা খাতুন, সহকারী শিক্ষক শ্রী বিজয় কুমার ও মো. ইয়াকুব আলী। এ ছাড়া চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও সুজানগর উপজেলা স্কাউট কমিশনার আবুল কালাম আজাদ অংশ নেন। সুজানগর উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি ও উপজেলা পোস্টমাস্টার মো. আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মাস্টার, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আব্দুর রব, আব্দুল গণিসহ স্থানীয় সমাজসেবক এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ স্লোগান তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা গাছের পরিচর্যা এবং প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বৃক্ষের চারা পেয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।