EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

হাম প্রতিরোধে কালকিনিতে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক লিফলেট বিতরণ

ডেইলি সান রিপোর্ট, মাদারীপুর

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পিএম

হাম প্রতিরোধে কালকিনিতে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক লিফলেট বিতরণ
অ অ

মাদারীপুরের কালকিনি উপজেলায় হাম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় কালকিনি পৌরসভার দক্ষিণ কৃষ্ণনগর ৯৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় সচেতনতা তৈরির অংশ হিসেবে বসুন্ধরা শুভসংঘ মাদারীপুরের কালকিনি উপজেলা শাখা এ উদ্যোগ গ্রহণ করে। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়া হয়।

লিফলেটে হাম রোগের লক্ষণ, প্রতিরোধের উপায় এবং টিকাদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাধ্যমে এসব তথ্য তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ কালকিনি উপজেলা শাখার সহ-সভাপতি মনির হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানহা ইসলামের সঞ্চালনায় কর্মসূচি পরিচালিত হয়।

লিফলেট বিতরণকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেন বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ যা সাধারণত শিশুদের বেশি আক্রান্ত করে। এ রোগে জ্বর, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া ও শরীরে ফুসকুড়ি দেখা দিতে পারে। তিনি বলেন, হাম থেকে বাঁচতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং আক্রান্ত হলে অন্যদের থেকে দূরে থেকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

তিনি শিক্ষার্থীদের লিফলেট বাড়িতে নিয়ে গিয়ে অভিভাবকদের দেখানোর আহ্বান জানান এবং এমন উদ্যোগ গ্রহণের জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা বীণা পানি পাল, সায়েকা খানম, শাহীনা মোস্তফা, কানিজ ফাতেমা, সালমা আক্তার ও হাবিবা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালকিনি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত আহমেদ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মুবিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরমান হাসান, অর্থ সম্পাদক মো. জুবায়ের আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন