তরুণদের মধ্যে এইচআইভি সংক্রমণ রোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি
ডেইলি সান রিপোর্ট, ময়মনসিংহ
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম
ছবি: সংগৃহীত
তরুণ-তরুণীদের মধ্যে এইচআইভি (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। বিশ্বজুড়ে এ বিষয়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এমন প্রেক্ষাপটে জনসচেতনতা বাড়াতে রবিবার (২৫ জানুয়ারি) বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার উদ্যোগে একটি গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে শিক্ষার্থীদের এইচআইভি সংক্রমণের ঝুঁকি, প্রকৃত কারণ, প্রতিরোধের উপায় ও সচেতন আচরণের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানানো হয়। একই সঙ্গে সমাজে প্রচলিত ভুল ধারণা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
গণসংযোগ কর্মসূচিতে সভাপতির দায়িত্ব পালন করেন বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন। তার নেতৃত্বে সংগঠনের সহ-সভাপতি মাহমুদুল হাসান আকাশ ও সদস্যরা কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী লাবণ্য, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা হকসহ অন্যান্য সদস্যরা।
সভাপতি নাফিউল হাসান মুবিন বলেন, ‘সচেতনতার অভাব ও ভুল ধারণার কারণেই তরুণদের মধ্যে এইচআইভি সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এখনো অনেকেই মনে করেন, স্পর্শ, একসঙ্গে খাওয়া, করমর্দন বা একই টয়লেট ব্যবহারে এইচআইভি ছড়ায়—যা সম্পূর্ণ ভুল। এসব ভ্রান্ত ধারণার ফলে আক্রান্ত ব্যক্তিরা সামাজিকভাবে অবহেলিত হন এবং চিকিৎসা নিতে ভয় পান। অথচ এইচআইভি কোনো ছোঁয়াচে রোগ নয়।’
তিনি আরও বলেন, ‘সঠিক তথ্য জানা ও সচেতন জীবনযাপনই এই সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। এখনই তরুণ সমাজ সচেতন না হলে ভবিষ্যতে এর ভয়াবহ প্রভাব সমাজকে বহন করতে হবে।’
এ সময় সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী লাবণ্য এইচআইভি সংক্রমণের প্রকৃত কারণ তুলে ধরে বলেন, অসুরক্ষিত যৌন সম্পর্ক, সংক্রমিত রক্ত গ্রহণ, ব্যবহৃত সিরিঞ্জ বা ইনজেকশন ব্যবহার, সংক্রমিত মায়ের গর্ভে বা প্রসবের সময় এবং বুকের দুধের মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে।
প্রতিরোধের উপায় হিসেবে তিনি নিরাপদ ও দায়িত্বশীল জীবনযাপন, অসুরক্ষিত যৌন সম্পর্ক এড়িয়ে চলা, রক্ত গ্রহণের আগে পরীক্ষা নিশ্চিত করা, ব্যবহৃত সিরিঞ্জ বা ব্লেড ব্যবহার না করা ও এইচআইভি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দেন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সুস্থ, মানবিক ও সচেতন সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ তরুণ সমাজের মধ্যে এইচআইভি বিষয়ে সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।