পিকেএসএফের ক্রেডিট গ্যারান্টি স্কিমে ১১ ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) তাদের ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম (সিইএস)’-এর আওতায় ১১টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক ১২টি ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর করেছে। এসব চুক্তির মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো ক্ষুদ্র উদ্যোগ অর্থায়নের জন্য মোট ২ হাজার ৮০০ কোটি টাকার গ্যারান্টিযুক্ত ঋণ পেতে পারবে।
সোমবার (২০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১-এ আয়োজিত অনুষ্ঠানে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো হলো—ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ঢাকা ব্যাংক, মধুমতি ব্যাংক, সীমান্ত ব্যাংক এবং দ্য ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (ইউবিকো)।
অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, দেশের স্বল্প আয়ের মানুষকে উদ্যোক্তায় পরিণত করার উদ্যোগকে আরও কার্যকর করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করার লক্ষ্যেই ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম’ চালু করা হয়েছে। এ স্কিমের আওতায় ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে তা বিতরণ করবে এবং ঋণের গ্যারান্টি দেবে পিকেএসএফ।
তিনি বলেন, পিকেএসএফের নিবিড় তদারকির মাধ্যমে ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ব্যাংকিং খাতের অর্থ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এ স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পিকেএসএফের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ এবং অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা উপ-ব্যবস্থাপনা পরিচালকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
পিকেএসএফ সূত্র জানায়, ২০২৫ সালের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম’-এর কার্যক্রম শুরু হয়। প্রথম বছরে ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান এ কর্মসূচিতে যুক্ত হয়। এর মধ্যে ছয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান পিকেএসএফের ২৬টি সহযোগী সংস্থার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ অর্থায়নে মোট ১ হাজার ৮২ কোটি টাকা ঋণ বিতরণ করেছে।