EN ☀️
×

Follow Us

বাণিজ্য

শর্ত সাপেক্ষে ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস দেওয়া যাবে: বাংলাদেশ ব্যাংক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পিএম

শর্ত সাপেক্ষে ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস দেওয়া যাবে: বাংলাদেশ ব্যাংক
অ অ

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বোনাস দেওয়ার প্রচলিত যে নিয়ম তা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে নিট মুনাফা না হলে এবং পরিচালন মুনাফা করলেই ব্যাংকগুলো তাদের কর্মীদের উৎসাহ বোনাস দিতে পারবে। কর্মীদের মধ্যে কাজে উৎসাহ জোগাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (২৮ এপ্রিল) একটি প্রজ্ঞাপন জারি করে নতুন নির্দেশনা দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে নিট মুনাফা না হলেও কেবল পরিচালন মুনাফা হলেই ব্যাংকগুলো কর্মীদের বোনাস দিতে পারবে। এমনকি মূলধন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে একটি শর্ত আছে, সেটি হলো ব্যাংকের মূলধন আগের বছরের তুলনায় কম হতে পারবে না। এ ছাড়া যেসব ব্যাংকের বিলম্বে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের সুবিধার প্রয়োজন নেই, তারাও এ সুবিধার আওতায় আসবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকের পরিচালনা পর্ষদ আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে প্রদান করতে পারবে।

এর আগে, ২০২৫ সালের জারি করা এক আদেশে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, যেসব ব্যাংক নিট মুনাফা করতে পারবে না, তারা কর্মীদের কোনো ধরনের উৎসাহ বোনাস দিতে পারবে না। এ ছাড়া যেসব ব্যাংকে মূলধন ও প্রভিশন ঘাটতি রয়েছে, তাদের ক্ষেত্রেও বোনাস প্রদানে নিষেধাজ্ঞা দেয়া হয়।

আরও পড়ুন