EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সমাজ পরিবর্তনে তরুণদের নেতৃত্বের ওপর জোর ব্র্যাকের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

সমাজ পরিবর্তনে তরুণদের নেতৃত্বের ওপর জোর ব্র্যাকের

ছবি: সংগৃহীত

অ অ

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের পাশাপাশি তাদের সামাজিক উদ্যোগ বাস্তবায়নে প্রশিক্ষণ, পরামর্শ, অর্থায়ন ও প্রয়োজনীয় সহযোগিতার সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সাভারের ব্র্যাক সিডিএমে ব্র্যাক আয়োজিত তিন দিনব্যাপী ‘কার্নিভ্যাল অব চেঞ্জ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ২৮ নভেম্বর শুরু হওয়া এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৭০ জনের বেশি তরুণ-তরুণী অংশ নিয়েছেন। এতে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকেরা তাঁদের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরার পাশাপাশি বিভিন্ন আলোচনা, মতবিনিময় ও কর্মশালায় অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, শুধু একটি নেটওয়ার্কের অংশ হওয়াই যথেষ্ট নয়, সেটিকে কার্যকর কমিউনিটিতে রূপ দিতে হবে। নেটওয়ার্কের মাধ্যমে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, কিন্তু কমিউনিটি এমন একটি জায়গা, যেখানে বিপদের সময় মানুষ একে অপরের পাশে দাঁড়ায়।

নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জীবনের নানা সংকটে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা তাঁকে এগিয়ে যেতে শক্তি জুগিয়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের বাইরে থেকেও মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। পারস্পরিক সহযোগিতা, আস্থা ও দায়িত্ববোধের ভিত্তিতেই একটি কমিউনিটি গড়ে ওঠে। সেখানে ভিন্নমতের মানুষের সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে হয়। কেউ ব্যর্থ হলে তাঁকে নিরুৎসাহিত না করে আবার উঠে দাঁড়ানোর সাহস জোগাতে হবে।

আসিফ সালেহ বলেন, ব্র্যাক তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও কাজের প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে। তবে পরিবর্তনের মূল শক্তি হতে হবে তরুণদেরই। দেশের বিভিন্ন জেলার তরুণেরা যেন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সম্মিলিতভাবে কাজ করতে পারেন, সে উদ্যোগ তাঁদেরই নিতে হবে।

অনুষ্ঠানে ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক সাফি রহমান খান বলেন, ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক উদ্যোক্তা ও পরিবর্তনকর্মী হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এ উদ্যোগের মাধ্যমে তরুণেরা সামাজিক সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ করছেন। বর্তমানে সারা দেশে এ নেটওয়ার্কের প্রায় তিন হাজার অ্যালামনাই রয়েছেন। আগামী বছরের শেষ নাগাদ এ সংখ্যা ছয় হাজারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে বৃহত্তর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক উদ্যোগের পরিসর বাড়াতে চায় ব্র্যাক।

‘আমরা নতুন নেটওয়ার্ক’-এর কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান। তিনি বলেন, বাংলাদেশে অসংখ্য সমস্যা রয়েছে, যেগুলোর সমাধানে তরুণেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাঁদের উদ্যোগগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যেই কাজ করছে ‘আমরা নতুন নেটওয়ার্ক’।

কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল তরুণ চেঞ্জমেকারদের নেতৃত্বে পরিচালিত ৩০টি কমিউনিটি উদ্যোগের প্রদর্শনী। স্থানীয় সামাজিক ও পরিবেশগত সমস্যা মোকাবিলায় এসব উদ্যোগের মাধ্যমে তরুণেরা নিজেদের কমিউনিটির মানুষের সঙ্গে মিলে বিভিন্ন পণ্য, সেবা ও সমাধান তৈরি করেছেন।

এ বছর সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য ১০টি প্রকল্প মনোনীত হয়। সেখান থেকে তিনটি উদ্যোগকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

পুরস্কার পাওয়া উদ্যোগগুলোর মধ্যে রয়েছে চা-বাগানের জনগোষ্ঠীর ভাষা, লোককথা, গান, উৎসব ও ঐতিহ্য সংরক্ষণ এবং নথিবদ্ধ করার প্রকল্প ‘টি কমিউনিটি কালচার প্রিজারভেশন’; ওষুধের দায়িত্বশীল ব্যবহার, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ ‘কানন’; এবং আখের বর্জ্য থেকে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্য তৈরি করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার সুযোগ সৃষ্টির প্রকল্প ‘শূন্য’। পুরস্কার বিজয়ীরা ব্র্যাকের সোশ্যাল এন্টারপ্রেনার্স ফেলোশিপ পাবেন।

তরুণেরা কীভাবে সম্ভাবনাময় ধারণাকে কার্যকর ও টেকসই সামাজিক উদ্যোগে রূপ দিতে পারেন, সে বিষয়ে অধিবেশন পরিচালনা করেন ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির হেড অব এন্টারপ্রাইজ ইনকিউবেশন অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেস ইয়াশনা চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল কাদির। অ্যালামনাইদের অভিজ্ঞতা বিনিময় পর্বে অংশ নেন ‘আমরা নতুন নেটওয়ার্ক’-এর সাবেক সদস্য বিথী আক্তার।

আয়োজনে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির পপুলার থিয়েটার দলের পরিবেশনায় নাটক ও পাপেট শো অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নেটওয়ার্কের তরুণ সদস্যদের পাশাপাশি সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও শিল্পী মিফতাহ জামান।

এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘একতায় গড়ি আগামী’। সুন্দর ভবিষ্যৎ নির্মাণে তরুণ নেতৃত্ব ও বিভিন্ন প্রজন্মের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরাই এ প্রতিপাদ্যের উদ্দেশ্য।

২০১৮ সালে যাত্রা শুরু করা ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করছে। প্রশিক্ষণ, পরামর্শ ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তাঁদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করা এ উদ্যোগের লক্ষ্য। বর্তমানে দেশের ২৫টি জেলায় বিস্তৃত এ নেটওয়ার্কের মাধ্যমে ২ হাজার ৯৩২ জনের বেশি তরুণ প্রশিক্ষণ পেয়েছেন। নেটওয়ার্কের অ্যালামনাইরা এ পর্যন্ত ৪৭৫টির বেশি কমিউনিটি প্রকল্প পরিচালনা করেছেন।

আয়োজনের শেষ দিন ২৯ নভেম্বর (রোববার) মানসিক সুস্থতা, আন্তপ্রজন্ম সংলাপ, প্যানেল আলোচনা, ক্যারিয়ারবিষয়ক মতবিনিময় ও অনুপ্রেরণামূলক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব অধিবেশনে তরুণ চেঞ্জমেকাররা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক যোগাযোগ জোরদার এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে সম্মিলিতভাবে কাজের নতুন পথ খুঁজবেন।

আরও পড়ুন