বরিশালে প্রান্তিক মৃৎশিল্পীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
ডেইলি সান রিপোর্ট, বরিশাল
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম
ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে আরও বৈচিত্র্যময় ও সময়োপযোগী করে তুলতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সিহিপাশা গ্রামে প্রান্তিক মৃৎশিল্পীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রচলিত মাটির সামগ্রী তৈরির পাশাপাশি নতুন নকশা ও শৈলীতে বিভিন্ন পণ্য নির্মাণের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
শনিবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় কারুশিল্প পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।
কর্মশালায় অংশ নেওয়া প্রান্তিক কুমোরদের ঐতিহ্যবাহী কাজের পাশাপাশি মৃৎসামগ্রী তৈরির নতুন ও বৈচিত্র্যময় নকশা শেখানো হয়। অংশগ্রহণকারী সরস্বতী পাল (৬০) বলেন, ‘প্রচলিত নকশার গণ্ডি পেরিয়ে নানা ধরনের নতুন আঙ্গিকে বিভিন্ন মাটির সামগ্রী এই কর্মশালার মাধ্যমে আমরা তৈরি করতে পেরেছি।’
স্থানীয় মৃৎশিল্পী সবিতা পাল (৫০) জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা মৃৎশিল্পের বৈচিত্র্যময় দিক সম্পর্কে ধারণা পেয়েছেন, যা ভবিষ্যতে কাজে লাগবে।
কর্মশালার সমন্বয়ক সুশান্ত ঘোষ বলেন, মৃৎশিল্পীদের বৈচিত্র্যময় শিল্পধারার সঙ্গে পরিচিত করানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে তাঁরা সনাতন ধারার পাশাপাশি আধুনিক ও বৈচিত্র্যময় পণ্য তৈরিতে যুক্ত হতে পারবেন।
কর্মশালার পরিচালক চন্দ্র শেখর সাহা জানান, এটি তাঁদের সপ্তম কর্মশালা। এতে প্রচলিত ধারার পাশাপাশি মৃৎশিল্পের বিভিন্ন নান্দনিক রূপ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এর ফলে পণ্যের সৌন্দর্য বাড়বে এবং বাজারে চাহিদা তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকেরা জানান, স্থানীয় প্রান্তিক কারিগরেরা সরা, হাঁড়ি-পাতিল, কলস, পিঠার সাজ, খেলনা সামগ্রী ও প্রতিমা তৈরি করেন। কর্মশালায় সনাতন পদ্ধতিতে তৈরি এসব সামগ্রীকে নতুন নতুন আকার ও শৈলীতে রূপ দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণার্থীদের তৈরি মৃৎসামগ্রী নিয়ে পরবর্তী সময়ে ঢাকায় একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।
বিভিন্ন বয়সী মোট ৩০ জন মৃৎশিল্পী এ কর্মশালায় অংশ নেন। এতে পৃষ্ঠপোষকতা করেছে ‘মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা’। আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে ঐতিহ্যবাহী মৃৎশিল্প টিকিয়ে রাখার পাশাপাশি নতুনভাবে বিকশিত হওয়ার সুযোগ তৈরি হবে।