EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মাদারীপুরে বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ এএম

মাদারীপুরে বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

ছবি: সংগৃহীত

অ অ

মাদারীপুরের কালকিনিতে ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার  (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে পৌর মাছ বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় প্রায় দুই শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পতিত শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন।

মিছিলটি পৌর মাছ বাজার হয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও পাল্টা মিছিল বের করেন। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ বৃষ্টির মতো হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুর এসআরবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যান।


এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি বলেন, ‘আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা দ্বন্দ্ব চাই না। কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে।’

ওসি সোলাইমান মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন