EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা

ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৫ এএম

সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা
অ অ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন দিয়েছে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা। তবে চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি ‘ভুলতা গাউছিয়া পরিবহন’-এর। এটি ভুলতা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাসটি মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা কয়েকজন দুর্বৃত্ত পেছনের অংশে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা বাস থেকে নেমে পালিয়ে যায়।

মুহূর্তের মধ্যে বাসের ভেতরে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কিত যাত্রীরা দ্রুত নামতে শুরু করেন। এ সময় চালক বাসটি সড়কের পাশে থামালে সবাই নিরাপদে নেমে যান।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে বাসের অধিকাংশ আসন পুড়ে গেছে। 

শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস জানান, যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। চালক ও যাত্রীদের তাৎক্ষণিক তৎপরতায় সবাই নিরাপদে নামতে সক্ষম হন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

তিনি আরও জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন