EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে মোঘল খাবারের স্বাদে কালজয়ী বাংলা গানের সন্ধ্যা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ এএম

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে মোঘল খাবারের স্বাদে কালজয়ী বাংলা গানের সন্ধ্যা
অ অ

মোঘল খাবারের রাজকীয় স্বাদ আর কালজয়ী বাংলা গানের সুরে সাজানো হয়েছে বিশেষ এক সন্ধ্যা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হেরিটেজ রেস্টুরেন্টে শুক্রবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। এবারের আয়োজনের বিশেষ পর্বের নাম ‘এডিশন: কালজয়ী বাংলা গান’।

খাবার, গান ও আড্ডার মধ্য দিয়ে ব্যস্ত নগরজীবনে ভিন্ন এক অভিজ্ঞতা উপহার দিচ্ছে এ আয়োজন। বাংলা গানের সোনালি দিনের জনপ্রিয় সব গান পরিবেশিত হচ্ছে সন্ধ্যার আসরে। প্রেম, বিরহ, দেশপ্রেম কিংবা ফেলে আসা দিনের স্মৃতি—বিভিন্ন অনুভূতির গান শ্রোতাদের ফিরিয়ে নিচ্ছে পুরোনো সময়ে।

রাজধানীর ৩০০ ফুট সড়কের পাশে অবস্থিত রেস্টুরেন্টটিতে ঢুকতেই চোখে পড়ে ভিন্ন পরিবেশ। বাইরে নগরজীবনের ব্যস্ততা থাকলেও ভেতরে মৃদু আলো, মোঘল সাজসজ্জা আর বাংলা গানের সুরে তৈরি হয়েছে উৎসবমুখর আবহ।

রেস্টুরেন্টে অতিথিদের জন্য রয়েছে মোঘল রন্ধনশৈলীতে তৈরি নানা পদের খাবার। পুরোনো রেসিপি ও ঐতিহ্যের ছোঁয়ায় তৈরি এসব খাবার পরিবেশনেও রাখা হয়েছে বিশেষ আয়োজন। মোঘল পোশাকে পরিবেশনকর্মীদের উপস্থিতি রেস্টুরেন্টের পরিবেশে যোগ করেছে বাড়তি মাত্রা। 

পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে খাবার উপভোগের পাশাপাশি মঞ্চের সংগীত পরিবেশনাও উপভোগ করছেন অতিথিরা। পরিচিত কোনো গান বেজে উঠলে অনেকেই গুনগুন করে গলা মেলাচ্ছেন। এভাবে খাবার ও গানের সঙ্গে জমে উঠছে আড্ডা।

শুধু কালজয়ী বাংলা গান নয়, ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর প্রতিটি পর্ব সাজানো হচ্ছে ভিন্ন ভিন্ন সংগীতধারায়। নব্বইয়ের দশকের হিন্দি গান, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও লোকসংগীতের মতো বিভিন্ন ধারার গান নিয়ে আয়োজন করা হচ্ছে একেকটি সন্ধ্যা।

আয়োজকদের সূচি অনুযায়ী, প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এ আয়োজন। আগামী ৪ ডিসেম্বর থাকছে পিয়ানো ও ভোকাল সংগীতের পরিবেশনা। ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে শাস্ত্রীয় যন্ত্রসংগীতের আসর। আর ১৮ ডিসেম্বর থাকছে লোকসংগীত বা ফোক।

সব মিলিয়ে ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ শুধু গান বা খাবারের আয়োজন নয়। প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, পুরোনো দিনের স্মৃতি মনে করা এবং ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়ার সুযোগ তৈরি করছে এ আয়োজন।

আরও পড়ুন