টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ পিএম
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের ঘটনায় মামলা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করে মামলায় অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।
গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন।
শুক্রবার (২৭ নভেম্বর) গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি নিউটন মোল্লা ছাড়াও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালুসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি। এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন তারা।
পথে উপজেলার নিলফা বাজার এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে বিজিবির পথরোধ করেন। পরে বিজিবি সদস্যরা তাদের সরে যাওয়ার অনুরোধ জানালে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিজিবির একটি এপিসি ও একটি জিপে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলায় বাধা দিতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন।
এজাহারে আরও বলা হয়, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে ভস্মীভূত হয়। এ ছাড়া অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট ও একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
