রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের শেষ চালান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম)-এর নবম ও সর্বশেষ চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় তিনটি বিশেষ লরিতে করে জ্বালানির গাড়িবহরটি নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়কের দাশুড়িয়া ট্রাফিক মোড় হয়ে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।
এ সময় প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিক ও কর্মকর্তারা গাড়িবহরটিকে স্বাগত জানান। নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আনার প্রক্রিয়া সম্পূর্ণ হলো।
নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়ক যানজটমুক্ত রাখতে ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান আসাদ জানান, জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে বিশেষ নিরাপত্তাবলয় গড়ে তুলেছিলেন এবং গাড়িবহর প্রকল্প এলাকায় পৌঁছানোর পরপরই যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি হিসেবে দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল।
শেষ চালানটি আসার মাধ্যমে সেই পরিকল্পনা শতভাগ বাস্তবায়িত হলো।
এদিকে, জ্বালানি আমদানি শেষ হওয়ার পাশাপাশি প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কাজও পুরোদমে চলছে। প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে, যেখানে ১০ থেকে ২৪ ঘণ্টা ধরে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা চালানো হচ্ছে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে টানা সাড়ে আট ঘণ্টার বেশি সময় ধরে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছিল প্রথম ইউনিটটি।
চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন বা পরীক্ষামূলক কার্যক্রম শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে বাণিজ্যিকভাবে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। তখন রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কেন্দ্রটির দায়িত্ব বুঝে নেবে এবং পরবর্তীতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এটি পরিচালনা করবে।
প্রকল্প সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক পরিচালনা সফলভাবে শেষ হওয়ার পর প্রথম ইউনিটের পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
প্রকল্পটির মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এবং প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।
রাশিয়ার প্রযুক্তিতে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট নিয়ে নির্মিত এই কেন্দ্রের প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।