EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিএনসিসির ১৫ বছর পূর্তি

৫ হাজার মানুষের দৌড়ে মুখরিত হাফ ম্যারাথন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ এএম

৫ হাজার মানুষের দৌড়ে মুখরিত হাফ ম্যারাথন

ছবি: সংগৃহীত

অ অ

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ স্লোগানকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল হাফ ম্যারাথন। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী প্রায় ৫ হাজার মানুষের অংশগ্রহণে মুখরিত ছিল এই আয়োজন।

ভোরের আলো ফোটার আগেই হাজারো দৌড়বিদের জমায়েতে প্রাণবন্ত হয়ে ওঠে ৩০০ ফিট এলাকা। পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার বার্তা ছড়িয়ে দিতেই ডিএনসিসি এই বিশেষ ম্যারাথনের আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিলটন। উদ্বোধনী বক্তব্যে তিনি একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গেট থেকে ভোর সাড়ে ৪টায় শুরু হয় মূল ২১ দশমিক ১ কিলোমিটারের হাফ ম্যারাথন। এরপর পর্যায়ক্রমে ১০ কিলোমিটার দৌড় এবং শিশু-কিশোরদের জন্য ১ দশমিক ৫ কিলোমিটারের ফান রান অনুষ্ঠিত হয়।

সব বয়সী নারী-পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে এবং ডিএনসিসির এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

আয়োজনটি নির্বিঘ্ন করতে পুরো রুটজুড়ে দৌড়বিদদের জন্য পর্যাপ্ত হাইড্রেশন স্টেশন ও মেডিকেল সাপোর্টের ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকরা। 

সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।

মাদকমুক্ত ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে নগরবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও যেন এমন উদ্যোগ নিয়মিত নেওয়া হয়।

আরও পড়ুন