EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

৩০তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবারও শুভ-তৌছিফ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ এএম

৩০তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবারও শুভ-তৌছিফ

ছবি: সংগৃহীত

অ অ

৩০তম বিসিএস (প্রশাসন) সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. বদরুদ্দোজা শুভ এবং সাধারণ সম্পাদক পদে তৌছিফ আহমেদ পুনর্নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো সংগঠনটির নেতৃত্বে এলেন তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে। এর আগে গত ২২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পুনর্নির্বাচিত সভাপতি মো. বদরুদ্দোজা শুভ ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। অন্যদিকে সাধারণ সম্পাদক তৌছিফ আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন।

অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংগঠনের গঠনতন্ত্রের ১৫(ক) ধারা অনুযায়ী তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। তৎকালীন কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে গঠিত এ কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক (প্রশাসন) মো. নবীনেওয়াজ। কমিশনের অন্য দুই সদস্য ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মো. নাসিম আহমেদ এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপসচিব রায়হান আহমেদ।

গত ২২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ভোটার তালিকা চূড়ান্তকরণ, মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ নির্বাচনের সব কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্ন করা হয়। পরে ২২ নভেম্বর ভোটগ্রহণ শেষে ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির মেয়াদ দায়িত্ব গ্রহণের তারিখ থেকে দুই বছর। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

পুনরায় দায়িত্ব দেওয়ায় অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। তাঁরা জানান, সদস্যদের আস্থার প্রতিদান দিতে পেশাগত অধিকার ও স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করা এবং কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

সুষ্ঠু, স্বচ্ছ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনের সদস্য এবং অ্যাসোসিয়েশনের সব সদস্যের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন