EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুরের ঘটনায় ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০২ এএম

টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুরের ঘটনায় ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা
অ অ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় সরকারি সম্পত্তির ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

গত রবিবার (২২ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি করেন। তবে বিষয়টি জানা যায় আজ বিকেলে। পরে সন্ধ্যায় মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার এসআই মো. আরিফুল ইসলাম।

মামলায় প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তাওফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামচুল হক এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ জনকে আসামি করা হয়েছে। তাঁদের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৮ হাজার জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত একটি সংঘবদ্ধ দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। খুনের উদ্দেশ্যে পুলিশ সদস্যদের মারধর করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। একই সঙ্গে সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়।

এজাহারে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিবরণে বলা হয়েছে, অস্ত্রাগার থেকে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল লুট করা হয়। এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুট হয়।

লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য তিন কোটি টাকা। সব মিলিয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

উল্লেখ্য, টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা গেছে, থানা ভবন, আসবাবপত্র, যানবাহন, পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে যাওয়ায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। কাগজে-কলমে দায়িত্ব বণ্টন করা হলেও বাস্তবে কার্যক্রম পরিচালনার উপযুক্ত পরিবেশ নেই। তাই দৈনন্দিন কার্যক্রমের প্রতিবেদন পুলিশ সদর দপ্তর ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠাতে হয়।

সে অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে কাগজে-কলমে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ হোসেন। এ ছাড়া টহল পুলিশের দায়িত্ব পালন করছেন উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান ও এসআই নাজমুল হোসেন।

আরও পড়ুন