মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার সংস্কৃতি ও আইন মেনে সুনামের সঙ্গে কাজ করুন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম
মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আশা করি, আপনারা মালয়েশিয়া গিয়ে সেখানকার সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি। বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রথম ফ্লাইটে ১১২ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছেন। এ সময় মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার পদক্ষেপ নিচ্ছে।
কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও সরকার কাজ শুরু করবে।
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন—এই আশা করি।
দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হলো।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। তাদের চাকরির মেয়াদ হবে তিন বছর, যা নবায়নযোগ্য। এ ছাড়া নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে। কর্মীদের অভিবাসনসংক্রান্ত সব ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।
এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
-6b08349a036ee.jpg)