EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দিনাজপুরে ২০ জন শিক্ষিত বেকার যুবককে বৈদ্যুতিক হাউস ওয়্যারিংয়ের প্রশিক্ষণ

সীমান্তের নিরাপত্তার পাশাপাশি মানুষের কর্মসংস্থানে কাজ করছে বিজিবি

ডেইলি সান রিপোর্ট, ফুলবাড়ি (দিনাজপুর)

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

সীমান্তের নিরাপত্তার পাশাপাশি মানুষের কর্মসংস্থানে কাজ করছে বিজিবি

বিজিবির উদ্যোগে দিনাজপুরের চিরিরবন্দরে ২০ জন শিক্ষিত বেকার যুবককে বৈদ্যুতিক হাউস ওয়্যারিংয়ের প্রশিক্ষণ দিয়ে সনদ বিতরণ। ছবি: সংগৃহীত

অ অ

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে ফুলবাড়ী ব্যাটেলিয়ন ২৯ বিজিবির উদ্যোগে দিনাজপুরের চিরিরবন্দরে ২০ জন শিক্ষিত বেকার যুবককে বৈদ্যুতিক হাউস ওয়্যারিংয়ের প্রশিক্ষণ দিয়ে সনদ ও কাজের সরঞ্জাম দেওয়া হয়েছে।

বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেছেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করে যাচ্ছে বিজিবি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০ নম্বর পুনট্টি ইউনিয়ন পরিষদে ফুলবাড়ী ব্যাটেলিয়ন (২৯ বিজিবি) আয়োজিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেক্টর কমান্ডার বলেন, বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে চোরাচালান, মাদক, মানব পাচার ও অস্ত্র পাচারসহ আন্তসীমান্ত অপরাধ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছেন তাঁরা।

এসব দায়িত্বের পাশাপাশি সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণেও বিজিবি ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী জনগোষ্ঠীর কল্যাণে বিজিবি নিয়মিত ত্রাণ বিতরণ, দুর্যোগকালে উদ্ধার ও খাদ্যসহায়তা, বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

পাশাপাশি যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে তুলতে কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ২০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে সনদপত্রের পাশাপাশি প্রয়োজনীয় বৈদ্যুতিক কাজের সরঞ্জাম দেওয়া হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে তাঁরা প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজ এলাকায় কাজের সুযোগ তৈরি করতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি), ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মিজানুর রহমান (পিবিজিএমএস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম, চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন-নবী এবং ১০ নম্বর পুনট্টি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. চাঁন মিয়া।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়নের তাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ২০ জন বেকার যুবককে নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাঁদের মধ্যে সনদপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়।

আরও পড়ুন