EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মন্ত্রী পরিচয়ের বাইরে সেরা খামারি আরিফুল হক, প্রধানমন্ত্রীর হাত থেকে পেলেন স্বর্ণপদক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

মন্ত্রী পরিচয়ের বাইরে সেরা খামারি আরিফুল হক, প্রধানমন্ত্রীর হাত থেকে পেলেন স্বর্ণপদক
অ অ

দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি খামারি হিসেবেও জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন আরিফুল হক চৌধুরী। সিলেটের লাখাউরায় তার প্রতিষ্ঠিত ‘আফসা হক ডেইরি ফার্ম’-এর জন্য সেরা খামারির সম্মাননা পেয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও নগদ অর্থের চেক গ্রহণ করেন আরিফুল হক চৌধুরী।

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে সকাল ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট নগরের এয়ারপোর্ট রোডের লাখাউরায় অবস্থিত ‘আফসা হক ডেইরি ফার্ম’ দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদনে অবদান রাখছে। গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন ধরনের গবাদিপশু রয়েছে খামারটিতে।

খামার পরিচালনায় অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে সেরা খামারির সম্মাননা পেয়েছেন আরিফুল হক চৌধুরী।

পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি দেশের খামারিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। খামারিদের জন্য প্রণোদনা ও সরকারি সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি কৃষি ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হিসেবে তাঁর এই সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। সিলেটের একজন উদ্যোক্তার খামার জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তারাও উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী পরিচয়ের বাইরে একজন খামারি হিসেবে পাওয়া এই স্বীকৃতি আরিফুল হক চৌধুরীর অর্জনের তালিকায় নতুন মাত্রা যোগ করল।

আরও পড়ুন