ভারতে ‘খুন হওয়া’ এমপি আনারের কন্যা ডরিন ৩ দিনের রিমান্ডে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে যাত্রাবাড়ী থানার বিস্ফোরক মামলায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান সাহাদাতের আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ডরিনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, মামলার অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তার, বিস্ফোরক সম্পর্কে তথ্য জানা এবং অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য রিমান্ড প্রয়োজন।
তিনি আরও বলেন, আজ আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে। তিনি ছাত্রলীগের সামনের সারির কর্মী ছিলেন। তদন্তে এ ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, মামলায় তার মক্কেলের নাম নেই। সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিও আইনের শিক্ষার্থী। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। রাজনৈতিক মামলায় তাঁকে হয়রানি করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে তিনি জড়িত নন। এ সময় তিনি রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার অনুরোধ করেন।
বৃহস্পতিবার সকালে ডরিনকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।