EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সীমান্তে নিষিদ্ধ আ. লীগ নেতাদের তৎপরতা ‘ব্লাফ পলিটিক্স’: তথ্যমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম

সীমান্তে নিষিদ্ধ আ. লীগ নেতাদের তৎপরতা ‘ব্লাফ পলিটিক্স’: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

সীমান্ত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার গোপন বৈঠক ও তৎপরতাকে ‘ব্লাফ পলিটিক্স’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, ওই নেতাদের নিজ নিজ এলাকায় কোনো আন্দোলন দেখা যায়নি। দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক রাখতেই তারা সীমান্ত এলাকায় ঘুরেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, দলটি যেভাবে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল, সেভাবেই ফিরে আসার চেষ্টা করছে। তাদের এসব কর্মকাণ্ড সন্ত্রাসী তৎপরতা ছাড়া কিছু নয়।

শেখ হাসিনার দেশে ফেরা ও বিচার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। কোনো অগ্রহণযোগ্য অনুরোধ সরকার বিবেচনা করবে—এমন চিন্তা হাস্যকর।

তিনি বলেন, শেখ হাসিনা ভারতে কীভাবে অবস্থান করছেন—আশ্রয়, পর্যটন ভিসা নাকি অন্য কোনো ব্যবস্থায়, তা বাংলাদেশ সরকারের জানা নেই। তবে ভারতে অবস্থান করে বাংলাদেশে যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনার যথেষ্ট অবকাশ রয়েছে।

আন্দালিভ রহমান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং তাঁর রায়ও হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।

শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তবে দেশে ফেরার বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি। তাঁর দেশে ফেরা নিয়ে যেসব কথা শোনা যাচ্ছে, সেগুলো মূলত মৌখিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ।

তিনি আরও বলেন, একদিকে বিমান চাওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে দলের গুরুত্বপূর্ণ নেতারা সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। আওয়ামী লীগের আগে নিজেদের মানসিকতা ঠিক করা উচিত।

আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে যে সম্প্রীতিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, তা আওয়ামী লীগের ভালো লাগছে না। দেশ এগিয়ে যাওয়া, গুম-খুন বন্ধ হওয়া এবং ইতিবাচক পরিবর্তনের বিষয় থেকে মানুষের মনোযোগ সরিয়ে ভীতি তৈরির চেষ্টা করছে দলটি।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের হিন্দু-মুসলমান একই ছাদের নিচে শান্তিতে বসবাস করেন। ভারতের ক্ষমতাসীন বিজেপি নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধার জন্য বাংলাদেশের হিন্দু-মুসলিম ইস্যু ব্যবহার করছে।

ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা করে আন্দালিভ রহমান বলেন, শোচনীয় কূটনৈতিক নীতির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। এর প্রভাব বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কেও পড়ছে। ভারতের মাটিতে বসে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং দেশটির গণমাধ্যমের একাংশের তা সমর্থন করা ভারতের দুর্বল পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ।

বিশ্বজুড়ে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বর্তমানে বিশ্বজুড়ে বড় ধরনের ব্যাধিতে পরিণত হয়েছে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর ক্ষমতায়নে কাজ করছেন। একই সঙ্গে বিএনপি সরকার কোনো গণমাধ্যমে হস্তক্ষেপ করার চিন্তা করছে না বলেও জানান তিনি।

আরও পড়ুন