গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম
ছবি: সংগৃহীত
ন্যূনতম মজুরি নিয়ে অসন্তোষের জেরে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্রুত সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে বেশ কয়েকজন পোশাকশ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় এসে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
এদিকে, শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় বৃহস্পতিবার নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ বেশ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোতে উৎপাদন অব্যাহত রাখতে পুলিশ কাজ করছে।