EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার তিন আসামি।

অ অ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পুনিয়াউট রেলক্রসিং এলাকায় মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯, তবে পালিয়েছে আরও চার-পাঁচজন।

বুধবার (২৫ নভেম্বর) এসআরবি-৯ সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ পৈরতলা এলাকার জালাল মিয়ার ছেলে সুমন মিয়া (৩৫), পুনিয়াউট এলাকার শামসু মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৪) এবং টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কাজী বাড়ি এলাকার নাছির উদ্দিনের ছেলে বেল্লাল মিয়া (২০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের মাধ্যমে এসআরবি-৯ জানতে পারে যে, পুনিয়াউট রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর সাত থেকে আটজনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে এসআরবি-৯ সিপিসি-১-এর একটি আভিযানিক দল দ্রুত সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা সম্ভব হয়। এ সময় অন্ধকারের সুযোগ নিয়ে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন পালিয়ে যায়।

পরে আটককৃতদের দেহ তল্লাশি ও ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা একটি দেশীয় তৈরি এসএস পাইপ ও লোহা নির্মিত বিশেষ বর্ষা-কুঠার এবং তিনটি সিলভার রঙের স্টেইনলেস স্টিলের ধারালো ছুরি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তাঁরা পলাতক সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে মহাসড়ক ও আশপাশের সড়কে চলাচলকারী যানবাহন এবং বাসাবাড়িতে ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের পাশাপাশি পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন