ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬
ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ডেভিড ও তাঁর ভাই আব্দুল্লাহসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
বুধবার নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার অন্যরা হলেন—আব্দুস সামাদ (২৩), মাহমুদুল হাসান (২২), জাবেদ কায়সার আজাদ (৪০) এবং আদর (২২)।
পুলিশ জানায়, বুধবার রাত ২টা ১০ মিনিটে মুন্সিগঞ্জ সদর থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে দেওভোগ এলাকা থেকে সামাদ ও মাহমুদুলকে ধরা হয়। পরে সকাল ৭টা ৫০ মিনিটে তাসলিম পট্টির একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালালে ডেভিড পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশ দুই রাউন্ড গুলি ছুড়লে ডেভিডের ডান পায়ে লাগে। আহত অবস্থায় তাকে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি চাকু, ককটেল তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া এসআরবি-১১ পৃথক অভিযানে জাবেদ ও আদরকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে মাদক কারবারিরা কনস্টেবল আনোয়ারকে কুপিয়ে হত্যা করে।