‘হ্যালো ডিসি’তে আবেদন, শাহিনের পাশে ডিসি ফরিদা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
দুই পা হারিয়েছেন দুরারোগ্য রোগে। নষ্ট হয়ে গেছে হাতের আঙুলও। শারীরিক প্রতিবন্ধকতা ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা তৃতীয় লিঙ্গের মানুষ মো. শাহিন ভূঁইয়ার পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম। জীবিকা নির্বাহের জন্য রাজধানীর জিয়া উদ্যানে ছোট ব্যবসা শুরু করতে তাঁকে আর্থিক সহায়তা
বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে শাহিনের হাতে অনুদানের অর্থ তুলে দেন ফরিদা খানম। এ সময় তিনি বলেন, শাহিনের জীবনসংগ্রামের কথা শুনে তিনি মর্মাহত হয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তাঁর বেঁচে থাকা ও স্বাবলম্বী হওয়ার চেষ্টা অনুপ্রেরণাদায়ক। শাহিন যেন নিজের সামর্থ্য অনুযায়ী ব্যবসা শুরু করে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন, সে জন্য এ সহায়তা দেওয়া হয়েছে। অসহায়, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের দায়িত্ব বলেও জানান তিনি।
শাহিনের আদি বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বিদ্যামপাড়ায়। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এলাকায় থাকেন। মাত্র সাত বছর বয়সে মা তাঁকে ছেড়ে চলে যান। এরপর সৎমায়ের সংসারে বড় হন তিনি।
২০১১ সালে নবম শ্রেণিতে পড়ার সময় ‘মাদুরা ফুট’ নামের একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হন শাহিন। রোগের জটিলতায় একপর্যায়ে তাঁর একটি পা কেটে ফেলতে হয়। পরে পরিবারের পক্ষ থেকে তাঁকে ভিক্ষা করতে বাধ্য করা হলে বাবার সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। এরপর জীবিকার সন্ধানে ঢাকায় চলে আসেন।
হুইলচেয়ারে চলাফেরা করেও থেমে থাকেননি শাহিন। রাজধানীর জিয়া উদ্যানে পানি বিক্রি করে জীবিকা চালাতেন। কিন্তু ২০২৪ সালে একই রোগে আক্রান্ত হয়ে তাঁর দ্বিতীয় পাটিও কেটে ফেলতে হয়। নষ্ট হয়ে যায় হাতের আঙুলগুলোও। এতে বন্ধ হয়ে যায় তাঁর পানি বিক্রির কাজ।
তৃতীয় লিঙ্গের মানুষ ও গুরুতর শারীরিক প্রতিবন্ধী হওয়ায় নিয়মিত আয়ের সুযোগও সীমিত হয়ে পড়ে। চিকিৎসা, বাসস্থান ও দৈনন্দিন খরচ চালাতে গিয়ে চরম অর্থকষ্টে পড়েন তিনি।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা জেলা প্রশাসনের মানবিক কার্যক্রম দেখে ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে সহায়তার আবেদন করেন শাহিন। তাঁর আবেদন পেয়ে মানবিক বিবেচনায় পাশে দাঁড়ান জেলা প্রশাসক ফরিদা খানম।
আর্থিক সহায়তা পেয়ে এখন জিয়া উদ্যানে ছোট ব্যবসা শুরু করতে চান শাহিন। নিজের আয় দিয়ে চলার পাশাপাশি আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চান তিনি।
