ঠাকুরগাঁও সীমান্তে ইয়াবা-ফেনসিডিল জব্দ, পালাল কারবারিরা
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির জব্দ করা ফেনসিডিল ও ইয়াবা।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩৯২টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।
সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ঠেকাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন বিজিবি সদস্যরা। তাঁদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।
বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বাজার মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।’