EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে ১৩ হাজার ৫৮০ কোটি টাকার দুই প্রকল্প

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে ১৩ হাজার ৫৮০ কোটি টাকার দুই প্রকল্প

ছবি: সংগৃহীত

অ অ

বিদ্যুৎ বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়াতে ১৩ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ের দুটি বড় প্রকল্পসহ মোট ১৪টি উন্নয়ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উঠছে। প্রকল্প দুটির মাধ্যমে ঢাকা সংলগ্ন ১৩টি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হবে।

প্রকল্প দুটিতে নতুন উপকেন্দ্র নির্মাণ, বিদ্যমান উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি, বিদ্যুৎ লাইন নির্মাণ ও সংস্কার এবং আধুনিক প্রযুক্তি স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কাজের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সিস্টেম লস ও বিদ্যুৎ বিভ্রাট কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্প দুটিতে অর্থায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) কাছ থেকে প্রায় ৭৩১ মিলিয়ন ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রকল্প দুটির মধ্যে ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়াতে ব্যয় ধরা হয়েছে চার হাজার ৬০১ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ৯৬২ কোটি ৯৩ লাখ টাকা। এডিবি থেকে ২০০ মিলিয়ন ডলার বা প্রায় দুই হাজার ৪৫৫ কোটি টাকা ঋণ নেওয়া হবে। বাকি এক হাজার ১৮৩ কোটি টাকা দেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)।

অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ব্যয় ধরা হয়েছে আট হাজার ৯৭৯ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে এক হাজার ২৮২ কোটি টাকা। এআইআইবি থেকে ৫৩১ মিলিয়ন ডলার বা প্রায় ছয় হাজার ৪৮৯ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। বাপবিবোর নিজস্ব অর্থায়ন থাকবে এক হাজার ২০৭ কোটি টাকা।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে একনেকের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। সভায় নতুন পাঁচটি ও সংশোধিত নয়টিসহ মোট ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

প্রকল্পের নথি অনুযায়ী, ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতিতে ২০৩৩ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা দাঁড়াবে ৯ হাজার ৭৬০ এমভিএ। বর্তমানে চলমান প্রকল্পসহ এসব এলাকার মোট বিদ্যুৎ বিতরণ সক্ষমতা ছয় হাজার ৯৩০ এমভিএ। ফলে চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে দুই হাজার ৮৩০ এমভিএ।

প্রস্তাবিত প্রকল্পের আওতায় নতুন উপকেন্দ্র নির্মাণ ও বিদ্যমান উপকেন্দ্রের ক্ষমতা বাড়িয়ে এক হাজার ২৬৫ এমভিএ সক্ষমতা যুক্ত করা হবে। এ ছাড়া তিনটি উপকেন্দ্রে অতিরিক্ত ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে আরও ৩০ এমভিএ সক্ষমতা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। সব মিলিয়ে সক্ষমতা বাড়বে এক হাজার ২৯৫ এমভিএ।


অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতিতে ২০৩১ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা দাঁড়াবে সাত হাজার ৩৭০ এমভিএ। বর্তমানে এসব এলাকায় সক্ষমতা রয়েছে পাঁচ হাজার ২৯৪ এমভিএ। ফলে ঘাটতি রয়েছে দুই হাজার ৭৬ এমভিএ। এ ঘাটতি মোকাবিলায় ৯০টি নতুন উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে এক হাজার ৩৮৬ এমভিএ সক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

দুটি প্রকল্পেই উপকেন্দ্র নির্মাণের পাশাপাশি বিতরণব্যবস্থার আধুনিকায়নে বড় ধরনের অবকাঠামোগত কাজ করা হবে। ঢাকার আশপাশের এলাকায় ৫২টি নতুন উপকেন্দ্র নির্মাণ, ১২টি উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি এবং চার হাজার ২০০ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ ও উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ৯০টি নতুন উপকেন্দ্র নির্মাণের পাশাপাশি ২৩ হাজার ৪৩৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ ও উন্নয়ন করা হবে। এ ছাড়া ছয়টি সুইচিং স্টেশন এবং কুমিল্লা ও চট্টগ্রাম জোনে এসসিএডিএ ব্যবস্থা স্থাপন করা হবে। বিদ্যুৎ বিভ্রাটের কারণ দ্রুত শনাক্ত করতে বসানো হবে ফল্ট লোকেটর। এতে সরবরাহ স্বাভাবিক করতে সময় কমবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্প দুটির মাধ্যমে বিদ্যুৎ বিতরণে সিস্টেম লসও কমানোর লক্ষ্য রয়েছে। ঢাকার আশপাশের এলাকায় সিস্টেম লস ৫ দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে ৪ দশমিক ৫৭ শতাংশ এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ১০ দশমিক ৩৫ শতাংশ থেকে ৮ দশমিক ৪০ শতাংশে নামানোর পরিকল্পনা করা হয়েছে।

এদিকে একনেকের সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ, সংস্কৃতি, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সড়ক পরিবহন বিভাগের প্রকল্পও উপস্থাপন করা হবে। পাশাপাশি পরিকল্পনামন্ত্রী অনুমোদিত আরও সাতটি প্রকল্পের বিষয়ে একনেককে অবহিত করা হবে।

আরও পড়ুন