কক্সবাজারে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী ও এক শিশু আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত অপর দুই যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়েছে। যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।