মোস্তাফিজুর রহমানকে আওয়ামী লীগ নেতা উল্লেখের প্রতিবাদ বামার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম
বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বামা) সভাপতি ও ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার-এনএসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমানকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ না করার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বামা বলেছে, মোস্তাফিজুর রহমানের সঙ্গে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না।
সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তারের সংবাদ প্রকাশের সময় কোনো কোনো সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনে তাঁকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বামা।
এ ধরনের তথ্য প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সংবাদের ওই অংশ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোস্তাফিজুর রহমান একজন দেশপ্রেমিক ব্যবসায়ী। তিনি কখনো পতিত রাজনৈতিক দল আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিলেন না। এমনকি দলটির সঙ্গে তাঁর কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততাও ছিল না।
বামার দাবি, দেশের কৃষি খাতে প্রয়োজনীয় কীটনাশক উৎপাদনকারীদের সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবে মোস্তাফিজুর রহমান আমদানির পরিবর্তে দেশেই কীটনাশক উৎপাদনের ওপর গুরুত্ব দিয়েছেন। এ লক্ষ্যে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে নিয়মিত কাজ করছিলেন।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, এতে ক্ষুব্ধ হয়ে কীটনাশক আমদানিকারকদের একটি অংশ দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপতথ্য ও ভুয়া তথ্য ছড়াচ্ছে। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের চেষ্টা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় কিছু গণমাধ্যম যথাযথ যাচাই-বাছাই ছাড়াই তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে বলে দাবি করেছে বামা।
এ অবস্থায় মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের সংশ্লিষ্ট অংশ প্রত্যাহার এবং সংগঠনটির পাঠানো প্রতিবাদলিপি প্রকাশের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে বামা।