আড়াই বছর পর মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, বিনা খরচে যাচ্ছেন ১১২ কর্মী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই দেশটিতে যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। তাদের বহনকারী প্রথম ফ্লাইটটি ওই দিন সন্ধ্যা ৭টায় ঢাকা ত্যাগ করবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত এসব কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে যোগ দেবেন। তাদের বিমানভাড়া ও যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। তবে প্রথম ফ্লাইটের পর অন্য কর্মীদের যাওয়ার সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।
সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে। এ লক্ষ্যে লটারির মাধ্যমে প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়। শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কাজের সুযোগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। সেখান থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়।
তবে দুই দিনের সাক্ষাৎকারে নির্বাচিত ৩০০ জনের মধ্যে কয়েকজন অনুপস্থিত ছিলেন। এ কারণে আগের তালিকার বাইরে থাকা আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নতুন করে আরও ৫০ জনকে সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
পরবর্তী সময়ে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার জন্য চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচন করা হয়।