স্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
দিনভর নোয়াখালীর স্বর্ণদ্বীপে সামরিক মহড়া পরিদর্শন শেষে সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সচিবালয়ে প্রবেশের পর প্রধানমন্ত্রী নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন। এরপর একে একে কয়েকটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজে অংশ নেন।
এর আগে মঙ্গলবার সকাল ৮টায় বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে নয়, নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন তিনি। বেলা সাড়ে ১১টায় তাঁর হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে।
সেখানে সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে পাশে বসিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে মহড়া প্রত্যক্ষ করেন।
এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। এরপর সরাসরি সচিবালয়ে গিয়ে দাপ্তরিক কাজে যোগ দেন তিনি।
