জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ফের পাঁচ দিনের রিমান্ডে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. সুজন হক সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনের পক্ষে শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন, মামলায় অজ্ঞাতনামা আসামি ও মূল পরিকল্পনাকারী রয়েছেন। সাঈদ খোকনকে নিয়ে অভিযান চালালে তাদের গ্রেপ্তার করা সম্ভব হতে পারে। এ ছাড়া মামলার মূল রহস্য উদ্ঘাটনে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানীসহ অন্য আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন। তারা বলেন, এর আগে সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ সময়ে কিছু উদ্ধার বা জানার জন্য সাত দিন যথেষ্ট। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হেয়প্রতিপন্ন করতে বারবার রিমান্ডে নেওয়ার আবেদন করা হচ্ছে। এ ছাড়া তিনি অসুস্থ। তাই তার জামিন মঞ্জুরের আবেদন জানান আইনজীবীরা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, প্রয়োজন ছাড়া তারা কোনো আসামির রিমান্ড চান না। তদন্ত কর্মকর্তা তার আবেদনে পুনরায় রিমান্ডের প্রয়োজনীয়তার কারণ উল্লেখ করেছেন। তাই সাঈদ খোকনকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করা হোক।
এর আগে গত ১৭ নভেম্বর আদালতের আদেশে সাত দিনের পুলিশ রিমান্ডে নিয়ে সাঈদ খোকনকে ডিএমপি কার্যালয়ে মামলাসংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলেও তিনি সন্তোষজনক তথ্য দিতে পারেননি। তবে মামলাসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে। তার নির্দেশনা ও পূর্বপরিকল্পনা অনুযায়ী ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবেও সাঈদ খোকনের ভূমিকা ছিল বলে রিমান্ড আবেদনে দাবি করা হয়। ধানমন্ডি ও আশপাশের এলাকায় হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। সরকার পতনের পর আত্মগোপনে থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল পরিচালনার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
তদন্ত কর্মকর্তা আরও দাবি করেন, পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে সাঈদ খোকনের যোগাযোগ রয়েছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, অস্ত্র উদ্ধার, মূল পরিকল্পনাকারীদের পরিচয় ও ঠিকানা সংগ্রহ এবং জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাইয়ের জন্য তাকে পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ওই বছরের ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আবদুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার এজাহারনামীয় ২৯ নম্বর আসামি সাঈদ খোকন।