EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রয়টার্সের প্রতিবেদন

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন রাষ্ট্রীয় বিমান

ভারত থেকে দেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমান চেয়েছেন তিনি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন রাষ্ট্রীয় বিমান
অ অ

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। ভারত থেকে দেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমান চেয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান চেয়েছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখের কথা জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। তাঁর মুখপাত্রের দাবি, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে তাঁকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

তবে গত রবিবার বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি বলে জানান তিনি।

আরও পড়ুন