EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জ্বালানি আমদানিতে বিপু-এজাজ বলয়ের প্রভাব, সিঙ্গাপুরে কমিশন ভাগাভাগির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:১১ এএম

জ্বালানি আমদানিতে বিপু-এজাজ বলয়ের প্রভাব, সিঙ্গাপুরে কমিশন ভাগাভাগির বৈঠক
অ অ

সরকার পরিবর্তন হলেও জ্বালানি আমদানির ব্যবসায় পুরনো বলয়ের প্রভাব কাটেনি—এমন অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এজাজুর রহমানের গড়ে তোলা ব্যবসায়িক নেটওয়ার্ক এখনো সক্রিয় বলে দাবি করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দরপত্র, কার্যাদেশ এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্বেও এই বলয়ের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

এবার এই নেটওয়ার্কের তৎপরতা সামনে এসেছে সিঙ্গাপুরের একটি পাঁচতারকা হোটেলে জ্বালানি আমদানি নিয়ে অনুষ্ঠিত বৈঠক ঘিরে। ২০২৭ সালের জানুয়ারি-জুন মেয়াদের জ্বালানি আমদানি, সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে ক্রয়, দরপত্রে অংশগ্রহণ, স্থানীয় ও বিদেশি এজেন্ট নিয়োগ এবং প্রিমিয়াম নির্ধারণ নিয়ে ২৩ থেকে ২৬ নভেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে কমিশন ভাগাভাগি ও ব্যবসায়িক সুবিধা বণ্টনের বিষয়ে আলোচনার অভিযোগও উঠেছে।

ডেইলি সানের হাতে আসা বৈঠকের কার্যপত্রে এসব বিষয়ে আলোচনার তথ্য রয়েছে। সরকারি কর্মকর্তা ও সম্ভাব্য ব্যবসায়িক সুবিধাভোগীদের একই বৈঠকে অংশগ্রহণ নিয়ে স্বার্থের সংঘাতের প্রশ্নও উঠেছে।

সিঙ্গাপুরের বৈঠকে কী হচ্ছে

২০২৭ সালের প্রথম ছয় মাসের জ্বালানি আমদানির প্রিমিয়াম নির্ধারণ এবং পরিচালনাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য সিঙ্গাপুরে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। কার্যপত্র অনুযায়ী, এতে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মধ্যস্থতাকারীরা অংশ নিচ্ছেন।

বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে জিটুজি পদ্ধতিতে জ্বালানি কেনা, কোন প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেবে, স্থানীয় ও বিদেশি এজেন্ট নিয়োগ, জ্বালানির দাম এবং সরবরাহের শর্ত নির্ধারণ। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এসব আলোচনার পাশাপাশি ব্যবসায়িক সুযোগ-সুবিধা বণ্টন এবং প্রিমিয়াম ও কমিশন নিয়েও আলোচনা হচ্ছে।

বৈঠক ঘিরে এজাজুর রহমানের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের দাবি, বৈঠকে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তিনি পৃথকভাবে যোগাযোগ করছেন। কয়েকজনের হোটেল কক্ষে গিয়ে উপহার দেওয়ার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।

সরকারি আদেশ অনুযায়ী, সফরের পুরো ব্যয় বহন করছে বিপিসি। দেশে ফেরার সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সফর-পরবর্তী প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে। ফলে সরকারি অর্থে আয়োজিত এ বৈঠকে কী আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে, তা পরবর্তী জ্বালানি আমদানিতে কী প্রভাব ফেলবে, সেসব বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার দাবি উঠেছে।

নেপথ্যে বিপু-এজাজ বলয়

জ্বালানি খাতের বর্তমান ও সাবেক একাধিক কর্মকর্তার ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময় নসরুল হামিদ বিপুর সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে জ্বালানি আমদানিতে এজাজুর রহমানের প্রভাব বাড়তে থাকে। একের পর এক আন্তর্জাতিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব চলে আসে তাঁর মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর হাতে। রাজনৈতিক ও প্রশাসনিক যোগাযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় তিনি শক্ত অবস্থান তৈরি করেন বলে অভিযোগ রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক ক্ষমতার কাঠামোয় পরিবর্তন এলেও জ্বালানি আমদানির ব্যবসায়িক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন হয়নি বলে দাবি খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীদের। তাঁদের অভিযোগ, আন্তর্জাতিক সরবরাহকারীদের স্থানীয় প্রতিনিধিত্ব নিজেদের নিয়ন্ত্রণে রাখা, বিপিসির ভেতরে পুরনো যোগাযোগ কাজে লাগানো এবং সরবরাহ সংকটকে ব্যবসায়িক সুবিধা আদায়ের সুযোগ হিসেবে ব্যবহার করে বলয়টি নিজেদের অবস্থান ধরে রেখেছে।

১১ সরবরাহকারীর ছয়টির সঙ্গে এজাজের সংশ্লিষ্টতা

বিপিসির তথ্য অনুযায়ী, পরিশোধিত জ্বালানি সরবরাহের জন্য তালিকাভুক্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে ১১টি। অনুসন্ধানে দেখা গেছে, এর অন্তত ছয়টির স্থানীয় প্রতিনিধিত্ব বা ব্যবসায়িক যোগাযোগ রয়েছে এজাজুর রহমানের মালিকানাধীন সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজ লিমিটেডের সঙ্গে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সেভেন মার্ক একটি অফশোর কোম্পানি, যেখানে কালো টাকার লেনদেন হয় বলে অভিযোগ রয়েছে। এজাজের আরেকটি শেল কোম্পানি থেকে বিদেশি এক ব্যক্তির কাছে ১৬ মিলিয়ন ডলার স্থানান্তরের অভিযোগও পাওয়া গেছে।

সেভেন মার্কের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এবং ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকু (বিএসপি)। অন্যদিকে ট্রান্সবাংলা কমোডিটিজের সঙ্গে সংশ্লিষ্ট পেটকো ট্রেডিং লাবুয়ান কোম্পানি লিমিটেড, পিটিটি ইন্টারন্যাশনাল ট্রেডিং, ভিটল এশিয়া ও সায়নোকেম ইন্টারন্যাশনাল অয়েল।

অর্থাৎ আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো আলাদা হলেও বাংলাদেশে তাদের স্থানীয় প্রতিনিধিত্বের বড় অংশ এজাজের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলে অনুসন্ধানে উঠে এসেছে। এতে জ্বালানি আমদানির বাজারে প্রতিযোগিতা এবং নতুন সরবরাহকারীদের প্রবেশের সুযোগ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এক বছরে ৭৮ শতাংশ কার্যাদেশ

বিপিসির দরপত্র ও কার্যাদেশের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে জিটুজি ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট ৫৫ লাখ ১০ হাজার টন পরিশোধিত জ্বালানি আমদানির কার্যাদেশ দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৪৩ লাখ টন জ্বালানির কার্যাদেশ পেয়েছে এমন প্রতিষ্ঠান, যাদের স্থানীয় প্রতিনিধিত্ব বা ব্যবসায়িক যোগাযোগ রয়েছে এজাজের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে। মোট কার্যাদেশের হিসাবে এ পরিমাণ প্রায় ৭৮ শতাংশ।

সরকার পরিবর্তনের পরও এ চিত্রে বড় পরিবর্তন আসেনি বলে সংশ্লিষ্ট নথিতে দেখা যায়। বিপিসির সর্বশেষ জুন-আগস্ট মেয়াদের দরপত্রে চারটি প্যাকেজে ৯ লাখ ২৫ হাজার থেকে সর্বোচ্চ ১১ লাখ ৫০ হাজার টন জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়।

এর মধ্যে পিজি-১ প্যাকেজে তিন লাখ ২০ হাজার থেকে তিন লাখ ৯০ হাজার টন ডিজেল এবং ৭০ হাজার থেকে ৯০ হাজার টন জেট ফুয়েল সরবরাহের কার্যাদেশ পায় ইউনিপেক সিঙ্গাপুর। পিজি-২ প্যাকেজে তিন লাখ থেকে তিন লাখ ৪০ হাজার টন ডিজেল এবং ৬০ হাজার থেকে ৮০ হাজার টন জেট ফুয়েল পায় ভিটল এশিয়া। পিজি-৩ প্যাকেজে দেড় লাখ থেকে দুই লাখ টন ফার্নেস অয়েল পায় ট্রাফিগুরা। আর পিজি-৪ প্যাকেজে ২৫ হাজার থেকে ৫০ হাজার টন অকটেন সরবরাহের কার্যাদেশ পায় ভিটল এশিয়া।

অর্থাৎ চারটি প্যাকেজের তিনটিতে কার্যাদেশ পেয়েছে ইউনিপেক ও ভিটল এশিয়া। প্রতিষ্ঠান দুটির স্থানীয় প্রতিনিধিত্ব বা ব্যবসায়িক যোগাযোগ এজাজের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে। এসব প্যাকেজে সর্বোচ্চ সাড়ে ১১ লাখ টন জ্বালানি আমদানিতে সরকারের সম্ভাব্য ব্যয় ১৭ হাজার কোটি টাকার বেশি।

সরবরাহে অপারগতা, পরে বেশি দামে কেনা

জ্বালানি আমদানিতে এই বলয়ের প্রভাব নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সরবরাহ জটিলতার ঘটনায়। বিপিসির বোর্ডসভার কার্যবিবরণী ও সংশ্লিষ্ট নথি অনুযায়ী, নভেম্বর মাসে জিটুজি সূচিতে থাকা একাধিক চালান সরবরাহে অপারগতা প্রকাশ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো।

এর মধ্যে রয়েছে ইউনিপেক সিঙ্গাপুরের ১৯, ২১, ২২ ও ২৪ নভেম্বরের তিনটি ডিজেল ও একটি জেট ফুয়েল চালান, ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকুর ২৮ নভেম্বরের ডিজেল, পেট্রোচায়না ইন্টারন্যাশনালের ১০ নভেম্বরের ডিজেল এবং ওমানের ওকিউ ট্রেডিংয়ের ২৩ নভেম্বরের মোগাস চালান। সব মিলিয়ে ১১টি চালান নিয়ে সরবরাহ জটিলতার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সাতটি চালানের সঙ্গে এজাজ-সংশ্লিষ্ট স্থানীয় প্রতিনিধিত্বের যোগসূত্র রয়েছে বলে দাবি সূত্রগুলোর।

সরবরাহে অনিশ্চয়তার পর বিকল্প উৎস থেকে বেশি দামে জ্বালানি কেনার পরিস্থিতি তৈরি হয়। বিপিসির নথি অনুযায়ী, দীর্ঘমেয়াদি জিটুজি চুক্তিতে ডিজেলের প্রিমিয়াম ছিল ব্যারেলপ্রতি ৯ দশমিক ৫০ ডলার এবং জেট ফুয়েলের ১০ দশমিক ১৫ ডলার। পরবর্তী উন্মুক্ত দরপত্রে ভিটল এশিয়ার ক্ষেত্রে ডিজেলের প্রিমিয়াম বেড়ে দাঁড়ায় ১৬ দশমিক ৬৮ ডলার এবং জেট ফুয়েলের ১৭ দশমিক ৮৮ ডলার পর্যন্ত।

শুধু পিজি-২ প্যাকেজে দুই লাখ ৩০ হাজার টন ডিজেল ও ৪০ হাজার টন জেট ফুয়েলের ক্ষেত্রে বাড়তি প্রিমিয়ামের কারণে অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় এক কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮২ কোটি টাকা। ফলে জিটুজি চুক্তিতে তুলনামূলক কম প্রিমিয়ামে জ্বালানি কেনার সুযোগ থাকা সত্ত্বেও সরবরাহ জটিলতার পর বেশি দামে কেনাকাটার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে।

এলএনজি আমদানিতেও একই বলয়ের অভিযোগ

জ্বালানি তেলের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতেও পুরনো ব্যবসায়িক বলয়ের প্রভাব থাকার অভিযোগ রয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে দেশে এলএনজি আমদানি শুরু হয়। ২০২০ সালের দিকে বেসরকারি পর্যায়ে খোলাবাজার থেকে আমদানি শুরু হলে চারটি প্রতিষ্ঠান বেশি সরবরাহের কাজ পেতে থাকে। এগুলো হলো সিঙ্গাপুরের ভিটল এশিয়া ও গানভর, সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস এবং যুক্তরাষ্ট্রের অ্যাকসিলারেট এনার্জি।

পেট্রোবাংলার সূত্রের তথ্য অনুযায়ী, ৬০ শতাংশের বেশি এলএনজি সরবরাহ করেছে ভিটল এশিয়া ও গানভর। এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে নসরুল হামিদের পরিবারের সদস্য, বন্ধু ও পারিবারিক কোম্পানির ব্যবসায়িক সংশ্লিষ্টতা রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

ভিটল ও গানভরের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করেন ড. এজাজুর রহমান। তিনি ওকিউ ট্রেডিংয়েরও স্থানীয় প্রতিনিধি। ২০১৯ সালে ঢাকায় নিবন্ধিত পাওয়ারকো ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে ভিটল এশিয়ার সঙ্গে অংশীদারির তথ্য উল্লেখ করা হয়। প্রতিষ্ঠানটির অংশীদার ছিলেন নসরুল হামিদের মামা মো. কামরুজ্জামান চৌধুরী ও তাঁর বন্ধু ভারতীয় নাগরিক নাবিল খান। ২০২০ সালের ডিসেম্বরে কামরুজ্জামানকে সরিয়ে হামিদ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরাদ হাসানকে অংশীদার ও ব্যবস্থাপনা পরিচালক করা হয়। এ ছাড়া এলএনজি ব্যবসায় নসরুল হামিদের ছোট ভাই ইন্তেখাবুল হামিদের সঙ্গে এজাজুর রহমানের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

বিপিসির সাবেক কর্মকর্তাদের নেটওয়ার্ক

অনুসন্ধানে দেখা গেছে, বিপিসি ও এর সহযোগী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অন্তত ১০ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন সময়ে এজাজুর রহমানের সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজে যুক্ত হয়েছেন। তাঁদের কেউ জ্বালানি ক্রয় ও বিপণন, কেউ আন্তর্জাতিক সরবরাহকারী, দরপত্র ও মূল্য নির্ধারণসংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন।

সরকারি চাকরিতে অর্জিত অভিজ্ঞতা ও দীর্ঘদিনের যোগাযোগ অবসরের পর বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আরও উদ্বেগের বিষয়, সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজের কার্যালয় যে ভবনে, একই ভবনে রয়েছে বিপিসির ঢাকা লিয়াজোঁ অফিস।

আন্তর্জাতিক দরপত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্তাবিত দর ও প্রিমিয়াম অত্যন্ত সংবেদনশীল তথ্য। একই ভবনে এসব প্রতিষ্ঠানের কার্যালয় থাকায় দরপত্রসংক্রান্ত গোপন তথ্যের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। তবে তথ্য ফাঁসের কোনো নির্দিষ্ট ঘটনা বা প্রমাণ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

জ্বালানি আমদানির ৭৮ শতাংশ কার্যাদেশে একই ব্যবসায়িক বলয়ের সংশ্লিষ্টতা, বিপিসির সাবেক কর্মকর্তাদের ওই বলয়ের প্রতিষ্ঠানে যোগদান, সরবরাহ জটিলতার পর বেশি প্রিমিয়ামে জ্বালানি কেনা এবং সিঙ্গাপুরের বৈঠক—সব মিলিয়ে জ্বালানি আমদানির বাজারে প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বক্তব্যের ভিত্তিতে প্রকৃত চিত্র তুলে ধরা প্রয়োজন বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন