EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সেন্ট মার্টিন ভ্রমণে পদে পদে ভোগান্তি, কমছে পর্যটক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:০২ এএম

সেন্ট মার্টিন ভ্রমণে পদে পদে ভোগান্তি, কমছে পর্যটক

ছবি: সংগৃহীত

অ অ

প্রাকৃতিক সৌন্দর্যের টানে সেন্ট মার্টিন গেলেও যাতায়াতের দীর্ঘ সময়, জাহাজ ছাড়ার অনির্দিষ্ট সূচি, বৈরী আবহাওয়ায় আটকে পড়া এবং ঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ভ্রমণের আনন্দ ম্লান হচ্ছে পর্যটকদের। সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনায় দ্বীপভ্রমণ দিন দিন কঠিন হয়ে উঠছে। এর প্রভাব পড়েছে পর্যটকের সংখ্যায়ও। গত সোমবার পাঁচটি জাহাজে মাত্র ১ হাজার ৩৬২ জন পর্যটক দ্বীপে গেছেন, যা চলতি মৌসুমের সর্বনিম্ন।

প্রথমবার সেন্ট মার্টিন ঘুরে আসা নীলফামারী শহরের বাসিন্দা ব্যবসায়ী মো. খাইরুল আনাম বলেন, দ্বীপের সৌন্দর্য অতুলনীয় এবং স্থানীয় মানুষও আন্তরিক। তবে কক্সবাজার থেকে দ্বীপে যাওয়ার দীর্ঘ জাহাজযাত্রা একঘেয়ে ও বিরক্তিকর। জাহাজ ছাড়ার নির্দিষ্ট সময় নেই। সাগরের জোয়ার-ভাটার ওপর নির্ভর করে জাহাজ চলাচল করায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময়ও পর্যটকেরা সঠিক তথ্য পান না।

দীর্ঘ যাত্রায় অসুস্থ হচ্ছেন পর্যটক

পরিবারের ছয় সদস্য নিয়ে সেন্ট মার্টিন ঘুরে গত সোমবার কক্সবাজারে ফিরে খাইরুল আনাম বলেন, দ্বীপে পৌঁছতে সাত ঘণ্টার বেশি জাহাজে থাকতে হয়েছে। তার বৃদ্ধ মা কয়েকবার বমি করেছেন। জনপ্রতি আসা-যাওয়া বাবদ ৪ হাজার ২০০ টাকা জাহাজভাড়াসহ পুরো ভ্রমণ আনন্দের বদলে ভোগান্তির কারণ হয়েছে।

তিনি জানান, পরিকল্পনা ছিল দুই রাত তিন দিন দ্বীপে থাকার। কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পাঁচ দিনের বেশি থাকতে হয়েছে। দীর্ঘ সময় জাহাজে থাকায় কেউ অসুস্থ হচ্ছেন, আবার কেউ দ্বীপে বেড়ানোর মূল্যবান সময় হারাচ্ছেন।

সুনামগঞ্জ থেকে বেড়াতে এসে বৈরী আবহাওয়ায় দ্বীপে আটকে পড়েন এনজিওকর্মী জাহেদ হাসান। তিনি বলেন, গত ১৮ নভেম্বর এক বন্ধুকে নিয়ে দুই দিনের জন্য সেন্ট মার্টিনে এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পাঁচ দিন থাকতে হয়েছে। অতিরিক্ত তিন দিন থাকার খরচ মেটাতে ধারদেনাও করতে হয়েছে। তবে দ্বীপের হোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষ যথেষ্ট সহানুভূতি দেখিয়েছে।

জাহেদ বলেন, সুনামগঞ্জ থেকে ঢাকা হয়ে কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডাব্লিউটিএ ঘাটে এসেছেন শুধু দ্বীপের সৌন্দর্য দেখতে। কিন্তু জোয়ার-ভাটার ওপর নির্ভর করে জাহাজ ছাড়ার বিষয়টি তাকে অবাক করেছে।

আরেক পর্যটক জানান, বাঁকখালী নদীতে জোয়ারের পানি আসার অপেক্ষায় জাহাজ ছাড়তে দেরি হয়। কখনো ভোররাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যেও জাহাজ ছাড়ে। এ সময় হোটেল থেকে ফোন করে যাত্রীদের দ্রুত ঘাটে যেতে বলা হয়। গভীর রাতে হোটেল থেকে ঘাটে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। সময়মতো যেতে না পেরে অনেকে জাহাজে উঠতে পারেন না। আবার জাহাজে উঠলেও দ্বীপে পৌঁছতে ছয় থেকে সাত ঘণ্টা লাগে।

পর্যটকদের দাবি, কক্সবাজার শহরের নৌঘাটের বিকল্প হিসেবে টেকনাফের শাহপরীর দ্বীপ অথবা মেরিন ড্রাইভের জেটি থেকে জাহাজ চালু করা হলে দুই থেকে তিন ঘণ্টার মধ্যে সেন্ট মার্টিন পৌঁছানো সম্ভব।

বাঁকখালী নদীর নাব্যতা সংকট

সেন্ট মার্টিন-কক্সবাজার জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, পাহাড়ি ঢলের সঙ্গে মাটি এসে বাঁকখালী নদীর নাব্যতা কমে গেছে। এ কারণে জাহাজ ছাড়তে জোয়ারের পানির জন্য অপেক্ষা করতে হয়। তবে সেন্ট মার্টিনের ঘাটে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় না।

তিনি বলেন, আগে মেরিন ড্রাইভের নৌবাহিনী জেটি থেকে জাহাজ চলাচল করত। তখন দ্বীপে পৌঁছতে সময় লাগত তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। বর্তমানে পাঁচটি জাহাজ চলাচল করছে। আরও কয়েকটি জাহাজ যুক্ত হওয়ার কথা রয়েছে।

বাহাদুর বলেন, বাঁকখালী নদীর ঘাট থেকে জাহাজ ছাড়ায় যাত্রার সময় বেড়েছে, ফলে পর্যটকদের দুর্ভোগও বাড়ছে। এ বিষয়ে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে বারবার জানানো হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

গত ৫ নভেম্বর থেকে জাহাজ চলাচল শুরুর পর ভোগান্তির কারণে দ্বীপে পর্যটকের সংখ্যা কমছে বলেও জানান তিনি। গত সোমবার পাঁচটি জাহাজে মাত্র ১ হাজার ৩৬২ জন যাত্রী দ্বীপে গেছেন। এত কম যাত্রী নিয়ে জাহাজের জ্বালানি খরচও উঠবে না বলে মন্তব্য করেন তিনি।

ঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডাব্লিউটিএ মালিকানাধীন নৌঘাটে সেন্ট মার্টিনগামী পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একই জেটি ব্যবহার করে মহেশখালী ও কুতুবদিয়াগামী জাহাজের যাত্রীদের কাছ থেকে জনপ্রতি পাঁচ টাকা নেওয়া হলেও সেন্ট মার্টিনগামী যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৫০ টাকা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কক্সবাজারে দায়িত্বে থাকা বিআইডাব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক তফাজ্জল হোসেন। তিনি বলেন, টেকনাফে সংস্থাটির জেটি থাকলেও মিয়ানমারের কারণে সেখান থেকে জাহাজ ছাড়ানো যাচ্ছে না। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কক্সবাজার শহরের জেটি নিলামে দিয়ে টোল পুনর্নির্ধারণ করেছে।

বৈরী আবহাওয়ায় বাড়তি দুর্ভোগ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত সপ্তাহে বৈরী আবহাওয়ায় অন্তত দেড় হাজার পর্যটক দ্বীপে দুর্ভোগে পড়েন। ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি হওয়ায় ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত তিন দিন জাহাজ চলাচল বন্ধ ছিল।

এ বিষয়ে হোসাইনুল ইসলাম বাহাদুর অভিযোগ করেন, বৈরী আবহাওয়ার আগাম সংকেত যথাসময়ে জাহাজ মালিকদের জানানো হয় না। স্থানীয় আবহাওয়া বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায় না।

তবে স্থানীয় সহকারী আবহাওয়াবিদ এম এ হান্নান জানান, সংকেতের তথ্য যথারীতি বিআইডাব্লিউটিএর কর্মকর্তাকে জানানো হয়। সংস্থাটির স্থানীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও জানান, ৩ নম্বর সংকেত জারি হলেই তিনি জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেন।

সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা

বিআইডাব্লিউটিএ সূত্রে জানা গেছে, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনের পর্যটন কার্যক্রম তদারকির দায়িত্বে রয়েছে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পর্যটন কর্তৃপক্ষ, কোস্ট গার্ড ও বিআইডাব্লিউটিএ। এর মধ্যে জেলা প্রশাসনের দায়িত্ব সমন্বয় করা, পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব পরিবেশ সংরক্ষণ, পর্যটন কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ম মেনে টিকিট ও ভ্রমণের অনুমতি নিশ্চিত করা, কোস্ট গার্ডের দায়িত্ব নিরাপত্তা এবং বিআইডাব্লিউটিএর দায়িত্ব জাহাজ চলাচল তদারকি করা।

তবে এসব সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতির অভিযোগ রয়েছে। গত সোমবার সকালে দ্বীপমুখী জাহাজ ছাড়ার সময় ঘাটে সংশ্লিষ্ট কয়েকটি সরকারি সংস্থার প্রতিনিধিদের দেখা যায়নি।

বিষয়টি স্বীকার করে বিআইডাব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক তফাজ্জল হোসেন জানান, পরিবেশ ও পর্যটন কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি এখন পর্যন্ত ঘাটে আসেননি। এ ছাড়া তিন দিন ধরে জেলা প্রশাসনের কোনো প্রতিনিধিও সেখানে ছিলেন না।

পর্যটকদের নিরাপত্তা ও সেবার দাবি

পর্যটকদের দাবি, বৈরী আবহাওয়ায় নিরাপত্তার স্বার্থে জাহাজ চলাচল বন্ধ রাখার পাশাপাশি আটকে পড়া পর্যটকদের থাকা, খাওয়া ও চিকিৎসার কার্যকর ব্যবস্থা থাকতে হবে। হোটেলভাড়া, খাবার ও অন্যান্য সেবার নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তাদের মতে, দীর্ঘ জাহাজযাত্রাই দ্বীপভ্রমণের সবচেয়ে বড় ভোগান্তি। এ কারণে পর্যটকদের আগ্রহ কমছে। দ্বীপে যাতায়াত সহজ, সময়সাশ্রয়ী ও স্বস্তিদায়ক করতে জাহাজ ছাড়ার ঘাট ও সামগ্রিক ব্যবস্থাপনা পুনর্বিবেচনা করা জরুরি।

পর্যটক হয়রানির অভিযোগ তদন্তে ম্যাজিস্ট্রেট

পর্যটক হয়রানির অভিযোগ তদন্তে গত রোববার সেন্ট মার্টিন দ্বীপে যান কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমদুর রহমান সায়েম। তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে অভিযোগ তদন্ত করতে দ্বীপে এসেছেন। খাবারসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পর্যটক হয়রানি জেলা প্রশাসন কোনোভাবেই মেনে নেবে না।

আরও পড়ুন