ঠাকুরগাঁওয়ে লাউয়ের বাম্পার ফলন, দামে হতাশ কৃষক
এস, এম জসিম উদ্দিন, ঠাকুরগাঁও
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম
ছবি: ডেইলি সান
ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে লাউসহ বিভিন্ন সবজির বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় খুশি কৃষকরা। জেলার বিভিন্ন আড়ত থেকে প্রতিদিন শত শত মণ সবজি দেশের নানা প্রান্তে যাচ্ছে। তবে ভালো ফলন হলেও লাউয়ের ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। উৎপাদন খরচ তুলতে না পেরে হতাশ তাঁরা।
সরেজমিনে দেখা গেছে, ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর, গড়েয়ার মিলনপুর, নারগুন, ফারাবাড়ি এবং রুহিয়া এলাকার খড়িবাড়ি ও বড়দেশ্বরী আড়তে সবজি কেনাবেচার ধুম পড়েছে। কৃষকদের কাছ থেকে সবজি কিনে ট্রাকে তুলতে ব্যস্ত আড়তদার ও শ্রমিকেরা।
আড়তে সবজি বিক্রি করতে আসা করলা চাষি কামরুল ইসলাম বলেন, এ বছর করলার বাজার ভালো। ন্যায্য দাম পাওয়ায় তাঁরা খুশি।
তবে লাউয়ের বাজার নিয়ে হতাশ চাষিরা। লাউ চাষি হারুন অর রশিদ বলেন, করলা ও লাউয়ের ফলন ভালো হলেও লাউ বিক্রি করে লাভ হচ্ছে না। গত মৌসুমে প্রতিটি লাউ ২১ থেকে ২৫ টাকায় বিক্রি করেছেন। এবার তা বিক্রি করতে হচ্ছে মাত্র ১০ থেকে ১২ টাকায়।
আরেক চাষি হুমায়ুন কবির বলেন, গত বছরের তুলনায় এবার লাউয়ের ফলন অনেক বেশি। কিন্তু দাম অর্ধেকেরও কম। এ দামে বিক্রি করে উৎপাদন খরচ তোলাও কঠিন হয়ে পড়েছে।
ভালো ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় জেলার লাউ চাষিদের মধ্যে হতাশা বাড়ছে। তাঁরা সরকারের সহায়তা এবং বাজারদর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
ফারাবাড়ি, নারগুন, গড়েয়া, খড়িবাড়ি ও বড়দেশ্বরী এলাকার আড়তদাররা জানান, বাজারে সবজির সরবরাহের ওপর দাম নির্ভর করে। সামনে লাউয়ের দাম বাড়বে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুর রহমান বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় লাউয়ের ফলন বেশি হয়েছে। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে। তবে সামনে চাষিরা ভালো দাম পাবেন বলে আশা করছেন তিনি।
