সরকারি শিশু পরিবারের শিশুদের দিয়ে বরগুনায় শীতবস্ত্র বিতরণ শুরু
ডেইলি সান রিপোর্ট, বরগুনা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে প্রকৃতি। এরই মধ্যে শীতের কষ্ট থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সুরক্ষায় তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের প্রথম পর্যায়ে সরকারি শিশু পরিবারের কোমলমতি শিশুদের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বরগুনা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় শিশুদের হাতে কম্বল তুলে দেন তিনি।
কম্বল পেয়ে শিশুদের মুখে হাসি ফুটে ওঠে। শীতের শুরুতেই এমন উপহার তাদের জন্য স্বস্তি ও আনন্দের উপলক্ষ হয়ে ওঠে। শিশুদের প্রতি মমতা, ভালোবাসা ও সহমর্মিতার বার্তা নিয়ে জেলা প্রশাসনের এ উদ্যোগ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতবস্ত্র ও কম্বল বিতরণ কার্যক্রমের মাধ্যমে শীতার্ত ও অসহায় মানুষের কাছে উষ্ণতার উপহার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুল রহমান,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ত্রাণ শাখা) মো. খালিদ সাইফুল্লাহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম শাহজাদা, সরকারি শিশু পরিবার (বালক)-এর উপতত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) মো. হেমায়েত উদ্দিন, সাংবাদিক জাহিদুল ইসলাম মেহেদী ও অলিউল্লাহ ইমরানসহ অন্যরা।