টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান আসলামের সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার ইন্ধনদাতাদের শনাক্ত, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনায় জড়িত গ্রেপ্তার ও পলাতক অন্য আসামিদের অবস্থান নির্ণয়ের জন্য আসলামকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আসলামকে আদালতে হাজির করা হয়। শুনানির আগে বিকেল পৌনে ৫টার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে এজলাসে তোলা হয়। তদন্ত কর্মকর্তা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। অন্যদিকে আসামির পক্ষে অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় গুলি করে টিটনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।
এজাহারে বলা হয়, টিটনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার খাপুরা এলাকায়। দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। এরপর ঢাকার হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকায় একটি বাসায় বসবাস শুরু করেন।
এজাহার অনুযায়ী, কারাগার থেকে মুক্তির পর পরিবারের আর্থিক ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করে বড় ভাইয়ের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন টিটন। নতুন করে ব্যবসা শুরুর চেষ্টা করছিলেন তিনি। একটি গরুর হাটের ইজারার শিডিউল কেনার কথাও বড় ভাইকে জানিয়েছিলেন।
এজাহারে গরুর হাটের ইজারা নিয়ে বিরোধকে হত্যাকাণ্ডের পেছনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল বা কাইল্লা বাদল, শাজাহান এবং রনি ওরফে ভাঙ্গারি রনিসহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়।
এজাহারে আরও বলা হয়, ২৭ এপ্রিল টিটন বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষের লোকজন তাকে ডেকেছে এবং সমঝোতার মাধ্যমে বিরোধ মেটাতে চায়। পরদিন ২৮ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় পাকা সড়কে তার ওপর হামলা হয়। মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী এবং তাদের সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজনের পরিকল্পনায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গুলিতে টিটনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এজাহারে বলা হয়, খবর পেয়ে যশোর থেকে ঢাকায় এসে ২৯ এপ্রিল ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন বাদী। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার কারণে মামলা করতে কিছুটা বিলম্ব হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতে পরিচিত নাম ছিলেন তিনি। তার প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি। তার বাবার নাম শেখ জিন্নাত আলী। পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায় হলেও আসলাম বেড়ে উঠেছেন রাজধানীর ইন্দিরা রোডে।