জাতীয় স্টেডিয়ামে মাদক-ছিনতাই বন্ধে নিরাপত্তাকর্মীদের কঠোর নির্দেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম
জাতীয় স্টেডিয়ামসহ দেশের ক্রীড়া স্থাপনাগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নিরাপত্তাকর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। দায়িত্ব পালনে অবহেলা, অনিয়ম কিংবা কারও কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে এক সচেতনতামূলক সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় স্টেডিয়াম এলাকার পরিবেশ সুশৃঙ্খল নয়। সেখানে মাদক, ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দোকানিদের অবৈধভাবে ফুটপাত ও চলাচলের জায়গা দখল করে রাখার মতো সমস্যা রয়েছে। এসব অনিয়ম বন্ধ করে স্টেডিয়ামের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নিরাপত্তাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, আগে নিরাপত্তাকর্মীদের আলাদা কোনো পরিচিতি বা নির্ধারিত পোশাক ছিল না। নতুন পোশাক ও নিরাপত্তা সরঞ্জাম বিতরণের মাধ্যমে তাঁদের পেশাগত পরিচিতি ও দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাশত করা হবে না। নিরাপত্তাকর্মীদের কর্মকাণ্ড এবং অনৈতিক সুবিধা গ্রহণের বিষয়গুলোও পর্যবেক্ষণ করা হবে।
নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারীদের পুরস্কৃত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ভালো কাজের স্বীকৃতি দেওয়া হবে। স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।
জাতীয় স্টেডিয়ামের সার্বিক পরিবেশ উন্নয়নে আরও পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, স্টেডিয়ামের প্রবেশ ও বহির্গমন পথ, পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনা সংস্কার করা হবে। পাশাপাশি স্বাধীন বাংলা ফুটবল দল, আইসিসি ট্রফি জয় এবং দেশের ক্রীড়াঙ্গনের গৌরবোজ্জ্বল অর্জন ও কৃতী খেলোয়াড়দের স্মৃতি তুলে ধরে স্টেডিয়ামকে আরও খেলাধুলাবান্ধব পরিবেশে সাজানো হবে।
এর আগে নিরাপত্তাকর্মীদের মধ্যে নির্ধারিত পোশাক ও নিরাপত্তা সরঞ্জাম বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।