পদ্মা রেল সেতুর পিলারে আগুন, ট্রেন চলাচলে সতর্কতা
ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সংযোগ প্রকল্পের ৩৪ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তাপে পিলারের বাইরের প্লাস্টার খসে পড়েছে। বেরিয়ে এসেছে ভেতরের রডও। ঝুঁকি এড়াতে ওই পিলারের ওপর দিয়ে ট্রেন চলাচলে সর্বোচ্চ ঘণ্টায় ৩০ কিলোমিটার গতি নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় পিলারটির পাশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনে পিলারসংলগ্ন একটি জুতার কারখানা, পুরোনো কাপড়ের মার্কেট, একতলা বাড়ি ও টিনশেড ঘর পুড়ে যায়।
পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের চীনা প্রকৌশলী ও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পদ্মা রেল সংযোগ প্রকল্পের প্রকৌশলীরা পিলারটির সংস্কারকাজ শুরু করেছেন।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আবুল হাসান জানান, পিলারের নিচে একটি জুতার দোকানে প্লাস্টিকের স্যান্ডেল তৈরি করা হতো। স্যান্ডেল তৈরির পর অবশিষ্ট প্লাস্টিকের বর্জ্য বস্তায় ভরে সেখানে স্তূপ করে রাখা ছিল। রাতের আঁধারে শত্রুতার কারণে অথবা সিগারেটের উচ্ছিষ্ট থেকে এসব বর্জ্যে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে আগুন আশপাশের কারখানা ও মার্কেটে ছড়িয়ে পড়ে।
পাগলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, সাধারণ আগুনের তাপমাত্রা ২০০ থেকে ২৫০ ডিগ্রি সেলসিয়াস থাকে। তবে প্লাস্টিকের দাহ্য পদার্থ থাকায় এ আগুনের তাপমাত্রা ৫০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছিল। অতিরিক্ত তাপের কারণে পিলারের কংক্রিটের প্লাস্টার খসে পড়েছে এবং রড বেরিয়ে এসেছে।
এ ঘটনাকে নাশকতা বলে সন্দেহ করছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। তিনি কালের কণ্ঠকে বলেন, স্থানীয় এক নিরাপত্তাকর্মীর মাধ্যমে তারা জানতে পেরেছেন, চারজন দুর্বৃত্তের একটি গোপন বৈঠক হয়েছিল। দলীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা রেল সেতুর পাশে পরিত্যক্ত জুতার কারখানায় আগুন ধরিয়ে দেয় বলে সন্দেহ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক বিষয় খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পিলারটির সংস্কারকাজ চলছে।
