EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ : দুদক চেয়ারম্যান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ : দুদক চেয়ারম্যান

দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা। ছবি: সংগৃহীত

অ অ

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান কমিশন কথায় নয়, কাজে বিশ্বাসী। কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে দুদককে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে কমিশন নিরলসভাবে কাজ করছে।

রবিবার (২২ নভেম্বর) দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান দেশে অর্থ পাচারের ভয়াবহ চিত্র তুলে ধরেন।

তিনি জানান, দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যার মধ্যে প্রতি বছরই আন্ডার-ইনভয়েসিং ও ওভার-ইনভয়েসিংয়ের মাধ্যমে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে।

বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘যারা বড় দুর্নীতি করেছে তাদের সংখ্যা খুব বেশি নয়। বর্তমান কমিশন এসব বড় দুর্নীতির অনুসন্ধান, মামলা ও তদন্তের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’’ এ সময় তিনি দুদককে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অপর বিশেষ অতিথি কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া বলেন, ‘‘ব্যক্তিগত দুর্নীতির চেয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে বেশি দুর্বল করে দিয়েছে। ’’

তাঁর মতে, দেশের প্রায় ৯৫ শতাংশ মানি লন্ডারিং ক্লিয়ারিং হাউজের মাধ্যমে হয়ে থাকে, যার পেছনে কর্পোরেট হাউজ ও ব্যাংকগুলো জড়িত।

কর্মকর্তাদের নিজেকে দুর্নীতিমুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আসাদ কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।’’

দুদক সচিব মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিশনের মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালকরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে সচিব জানান, বর্তমান কমিশন মাত্র তিন মাসের মধ্যে দুদকের নতুন অর্গানোগ্রাম প্রণয়ন, ১ হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি এবং নতুন গ্রেডেশন তালিকা তৈরি করেছে। এছাড়া কর্মকর্তাদের দেশে-বিদেশে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, যা কমিশনের অনুসন্ধান, তদন্ত ও দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের মান বহুগুণ বাড়াবে।

সভায় আরও বক্তব্য দেন মহাপরিচালক (প্রতিরোধ) মো. নাজমুল আলম, মহাপরিচালক মোরশেদ আলম, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক এবং ঢাকা-১ কার্যালয়ের পরিচালক মো. আতিকুল আলম।

আরও পড়ুন