মীর শাহে আলম
বেতন বাড়লেও পোশাক শ্রমিকদের বাসা ভাড়া না বাড়ানোর আহ্বান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম
সাভার পৌরসভার সম্মেলন কক্ষে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত
পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে শিল্পাঞ্চলে বাসা ভাড়া না বাড়াতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে বাড়িভাড়া স্থিতিশীল রাখা জরুরি। প্রয়োজনে পরবর্তী সময়ে প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে।
রবিবার (২২ নভেম্বর) বিকেল ৫টায় সাভার পৌরসভার সম্মেলন কক্ষে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় শ্রমিকদের দাবির প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা জানিয়েছেন বেতন যে পরিমাণই বাড়ুক, তাঁরা কাজে ফিরতে এবং কাজ চালিয়ে যেতে প্রস্তুত। তবে তাঁদের প্রধান প্রত্যাশা, বেতন বৃদ্ধির সঙ্গে যেন বাসাভাড়া না বাড়ানো হয়।
এ প্রেক্ষাপটে সাভার ছাড়াও গাজীপুর, আশুলিয়া, ভালুকা, টঙ্গী, নারায়ণগঞ্জ, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কালিয়াকৈরসহ দেশের সব পোশাকশিল্প এলাকার বাড়ির মালিকদের প্রতি তিনি একই আহ্বান জানান।
তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ ও শিল্পের স্থিতিশীলতা বিবেচনায় বাড়িভাড়া বাড়ানোর বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। যৌক্তিক কারণে ভাড়া সমন্বয়ের প্রয়োজন হলে তা পরবর্তী সময়ে প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা যেতে পারে।
আগামী দুই-এক দিনের মধ্যে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও মজুরি বোর্ডের প্রতিনিধিরা একসঙ্গে বসে একটি বেতন কাঠামো নির্ধারণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, পোশাকশিল্পের স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে এনে এ খাতের প্রাণশক্তি পুনরুদ্ধার করতে হবে। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এ শিল্পকে আরও গতিশীল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশের বাইরে অবস্থানরত নেতাকর্মীদের উসকানিতে কিছু মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে জুলাই-আগস্টের আন্দোলনের পর জনগণের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার গুম, খুন কিংবা গুলি করে মানুষ হত্যার রাজনীতি করবে না।
তিনি বলেন, মানবিক বিবেচনায় সরকার ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে প্রকাশ্যে উসকানি বা নাশকতার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
গোপালগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সম-উন্নয়নের নীতি অনুসরণ করে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের শুরুতেই গোপালগঞ্জে ১ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছিল।
তবে সেখানকার কিছু মানুষ থানা, উপজেলা পরিষদ কিংবা সরকারি অফিস-আদালতের মতো প্রশাসনিক ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান চায় না বলে তিনি মন্তব্য করেন। কোনো ভৌগোলিক সীমানায় জোর করে প্রশাসনিক ব্যবস্থা বজায় রাখার প্রয়োজন সরকার মনে করে না বলেও জানান তিনি।
সাভার পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এবং গণমাধ্যমকর্মীরা।
সভায় প্রতিমন্ত্রী গার্মেন্টস শিল্পের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং দেশের অর্থনীতির স্বার্থে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতারা, শিল্পমালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।