লক্ষ্মীপুরে ১১ শক্তিশালী বোমা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মামুন রিমান্ডে
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
গ্রেপ্তার কথিত ‘জঙ্গি’ নাজমুল হাসান মামুন ও উদ্ধারকৃত ১১টি শক্তিশালী বোমা।
লক্ষ্মীপুরের রায়পুরে ১১টি শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার নাজমুল হাসান মামুনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশের দাবি, তিনি দেশের মোস্ট ওয়ান্টেড পাঁচ জঙ্গির একজন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস ধরে রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের একটি ভাড়া বাসায় অবস্থান করে আইইডি বোমা তৈরি করছিলেন মামুন। নিজের পরিচয় গোপন রাখতে তিনি ‘সাইফুল ইসলাম সুজন’ নাম ব্যবহার করতেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূঁঞা জানান, নাজমুল হাসান মামুন একজন দক্ষ বোমা প্রস্তুতকারক। পুলিশের তালিকায় তিনি দেশের মোস্ট ওয়ান্টেড পাঁচ জঙ্গির একজন।
তাঁর প্রকৃত বাড়ি বরিশাল কোতোয়ালি থানার রূপাতলী এলাকায়। তবে তিনি ভোলার সদর উপজেলার বাসিন্দা পরিচয়ে চলাফেরা করতেন।
এই কর্মকর্তা আরও জানান, দেশের বিভিন্ন থানায় মামুনের বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া বোমা তৈরি ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ১২ নভেম্বর লক্ষ্মীপুরের রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা দুটি বিদেশি দুধের কৌটা থেকে বড় ৬ টি ও ছোট ৫টিসহ মোট ১১টি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা উদ্ধার করা হয়। পরবর্তীতে এগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।
