বদরগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ডেইলি সান রিপোর্ট, বদরগঞ্জ (রংপুর)
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম
রংপুরের বদরগঞ্জে চোর সন্দেহে মকবুল হোসেন (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
নিহত মকবুল হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খাগড়াবন্দ মৌলভীর ডাঙা গ্রামের ছবুর শেখের ছেলে। তিনি পেশায় শ্রমজীবী ছিলেন। তার দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে মাহি চতুর্থ শ্রেণিতে এবং ছোট মেয়ে মিথিলা প্রথম শ্রেণিতে পড়াশোনা করে।
নিহতের স্ত্রী আঞ্জুয়ারা অভিযোগ করে বলেন, তাঁর স্বামীকে সারারাত আটকে রেখে অমানবিক নির্যাতন করা হয়েছে। এতে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘আমার স্বামী অন্যের কাজ করে সংসার চালাতেন। তাঁকে এভাবে মেরে ফেলেছে, ভাবতেও আমার বুকটা ফেটে যাচ্ছে।’
নিহতের চাচাতো ভাই মাহাবুর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে তাঁর ভাইকে একটি সিভি মুরগির খামারে ধরে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয়। তাঁর মাথা থেকে তখনো রক্ত বের হচ্ছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবি জানান তিনি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে সাক্ষী হিসেবে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।