EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বঙ্গোপসাগরে নজরদারি ও টহল সক্ষমতা বহুগুণ বেড়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম

বঙ্গোপসাগরে নজরদারি ও টহল সক্ষমতা বহুগুণ বেড়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
অ অ

সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমানে অফশোর প্যাট্রল ভেসেল (ওপিভি) হিসেবে ব্যবহৃত জাহাজগুলো বঙ্গোপসাগরে বাংলাদেশের নজরদারি ও টহল কার্যক্রমকে বহুগুণ শক্তিশালী করেছে।

রবিবার (২২ নভেম্বর) ইতালির কোস্ট গার্ডের কমান্ড্যান্ট অ্যাডমিরাল সারগিও লিয়ারদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমুদ্রসীমার নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের কোস্ট গার্ডের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা আরও বাড়াতে উপযুক্ত দেশ থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রল ভেসেল সংগ্রহের বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন।

এ ছাড়া দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় করতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (বিডব্লিউও) ও মানবপাচার প্রতিরোধ (এএইচটি) কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে। আগামী বছর এ কোর্সে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।

বৈঠকে ইতালির কোস্ট গার্ডের কমান্ড্যান্ট বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারির প্রশংসা করেন। তিনি জলদস্যুতা দমনে ইতালির কোস্ট গার্ডের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাগত বিনিময় কর্মসূচি আয়োজনের মাধ্যমে দুই বাহিনীর পারস্পরিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে একমত হন উভয় পক্ষ।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ মন্ত্রণালয়, কোস্ট গার্ড ও ইতালির প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন