বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে পেশাগত দক্ষতাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
ড. আহসান এইচ মনসুর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বের সক্ষমতাকে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে গভর্নরের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও জবাবদিহি দুটিই থাকতে হবে। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের প্রভাবমুক্ত থেকে ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ‘ড্রাফট ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। পলিসি থিংক অ্যান্ড রিসার্চ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।
আহসান এইচ মনসুর বলেন, একটি কার্যকর কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রাতিষ্ঠানিক স্বাধীনতা। গভর্নরের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নীতিনির্ধারণী কাঠামোতেও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের এমনভাবে নির্বাচন করতে হবে, যাতে তাঁরা ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে পুরো ব্যাংকিং খাতের স্বার্থে কাজ করেন। রাজনৈতিক বা অন্য কোনো অযাচিত চাপ ছাড়াই গভর্নর যেন নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে। তবে স্বাধীনতার অর্থ জবাবদিহির বাইরে থাকা নয়।
ব্যাংক খাতের সংকট মোকাবিলায় স্বতন্ত্র অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে সাবেক এই গভর্নর বলেন, এ ধরনের প্রতিষ্ঠান ব্যাংকের সমস্যাগ্রস্ত সম্পদ ও খেলাপি ঋণ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যথাযথ মূল্যায়নের মাধ্যমে এসব সম্পদ ব্যবস্থাপনার আওতায় আনা গেলে ব্যাংকের ব্যালান্স শিটের ওপর চাপ কমবে এবং আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে। তবে এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।
আলোচনায় অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, ২০০৪ সালে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেওয়ার সময় ঋণ পরিস্থিতি প্রতিকূল ছিল। ২০১০ সালে দায়িত্ব ছাড়ার সময় ব্যাংকের ঋণস্থিতি প্রায় ৩০ হাজার কোটি টাকা এবং খেলাপি ঋণের হার ১০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হন। তবে ২০২৪ সালে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটির খেলাপি ঋণের হার ৫০ শতাংশের বেশি দেখতে পান। যথাযথ যাচাই-বাছাই ছাড়া ঋণ বিতরণ, রাজনৈতিক প্রভাব ও পরিচালনা পর্ষদের চাপের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, খেলাপি ঋণ ভয়াবহ পর্যায়ে পৌঁছালে তা থেকে দ্রুত উত্তরণ সম্ভব নয়।
তিনি আরও বলেন, ব্যাংকের অর্থ মূলত জনগণের আমানত। তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ইচ্ছেমতো ঋণ নিয়ে খেলাপি হওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। ব্যবসায়িক অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতা যাচাই না করে রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ভিত্তিতে ঋণ বিতরণ বন্ধ করতে হবে। ঋণ মওকুফের ফলে সরকারের রাজস্ব আয়ে কী প্রভাব পড়ে, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও অর্থনীতি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. তৌফিক আহমেদ চৌধুরীসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।