EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বেড়ায় বিএনপি-নিষিদ্ধ আ.লীগ সংঘর্ষ, থানার ওসি প্রত্যাহার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ এএম

বেড়ায় বিএনপি-নিষিদ্ধ আ.লীগ সংঘর্ষ, থানার ওসি প্রত্যাহার

ছবি: সংগৃহীত

অ অ

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে এ আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ।

এদিকে সংঘর্ষের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পুরো পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টা থেকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলা এ সংঘর্ষ সন্ধ্যার দিকে নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাঁদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত জিসান (১৫) নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, একটি ছেলে আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানতে পেরেছি। এ ছাড়া আহত বা নিহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। কাউকে আটকও করা হয়নি।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত বৃহস্পতিবার থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে বেড়া পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এর জেরে গত দুই দিনে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর মধ্যে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া থানা প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। এ সময় বিএনপি ও ছাত্রদলের কর্মী-সমর্থকেরা তাঁদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়া হয়।

চলমান বিশৃঙ্খলা রোধে শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয় এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়।

এরপর বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে সংঘর্ষ বাধে। দ্রুত তা আশপাশের কয়েকটি মহল্লায় ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন