EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নাশকতা-সহিংসতা মোকাবিলায় ৭ জেলায় ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম

নাশকতা-সহিংসতা মোকাবিলায় ৭ জেলায় ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

অ অ

দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা মোকাবিলায় রাজধানীসহ সাত জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে আরও চার প্লাটুন বিজিবি সদস্য। একই সঙ্গে সাত জেলায় ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।

শনিবার (২১ নভেম্বর) বিজিবি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় সারা দেশে মোট ৩৯টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৭ জন সদস্যসহ মোট ২৯৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলা এবং ঢাকা মহানগরীতে মোট ৮৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

জেলাভিত্তিক মোতায়েনের চিত্র অনুযায়ী, গোপালগঞ্জে সর্বোচ্চ ২৯ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ঢাকা জেলায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, কক্সবাজারে ৬ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তারা।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে, গোপালগঞ্জে অতিরিক্ত সাত প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এতে জেলাটিতে মোট ১৫ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গাজীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে আরও ৩৪ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদ সুরক্ষা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলে উৎপাদনের পরিবেশ বজায় রাখতে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৪ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন এবং শরীয়তপুরে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। তারা জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন